কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রেখেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সরকার। এর সবটুকু কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিগত দিনে অনেক সরকার ক্ষমতা ভোগ করেছে। অনেকেই প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু এযাবৎ কেউই এক্ষেত্রে কোনো ভূমিকা রাখেননি।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশকে স্বনির্ভর করেছে। দক্ষ জনশক্তি গড়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজার সভাপতিত্বে ও বিআইএমটির অধ্যক্ষ শরীফা সুলতানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, নারায়ণগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী ও উপসচিব মোহাম্মদ আলী আকবর।
এ সময় প্রকৌশলী আলী আজহার তৌফিক, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শহীদ, ফরিদ হোসেন, বাদশা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ঘুরে দেখেন ও ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মতবিনিময় শেষে ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা বলেন, রিক্রুটমেন্ট রুল অনুসারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেরিন টেকনোলজি) ডিপ্লোমা ডিগ্রি নিয়ে পাস করা শিক্ষার্থীরা সরকারি কোনো চাকরি পান না। সরকারি গেজেট না থাকায় তাঁরা সরকারিভাবে চাকরির আবেদন করতে পারেন না। তাই তাঁরা মেরিন প্রশিক্ষণার্থীদের সরকারি চাকরির সুযোগ পাওয়ার দাবিতে সরকারি গেজেট প্রণয়নের জন্য মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।