কর্মসংস্থানে ব্যর্থ সাংসদ বেকাররা মাদক ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দুই পাশে একটার পর একটা চায়ের দোকান। প্রায় প্রতিটি দোকানে চলছে রঙিন টেলিভিশন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে তরুণদের আনাগোনা বেড়ে যায়। টেলিভিশনের পর্দায় চোখ রাখার ফাঁকে ফাঁকে চলে চায়ের কাপে মাদক সেবন। তাঁদের কেউ কেউ মেঝেতে, কেউ চেয়ারে, কেউবা বেঞ্চে বসে আড্ডা দেন, ঝিমান। গভীর রাত অবধি চলে আড্ডা।
খদ্দেরদের অনেকে দামি মোটরসাইকেল হাঁকিয়ে আসেন। পোশাক-পরিচ্ছদ দেখে বোঝা যায়, তাঁরা ধনী ঘরের ছেলে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্ন গ্রামের রাস্তার ধারের চায়ের দোকানের এই দৃশ্য এখন সবার চেনা।
৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগাতিপাড়ার লোকমানপুর এলাকার একটি দোকানের সামনে গিয়ে মোটরসাইকেল থেকে নামতেই তরুণ দোকানদার বললেন, ‘ভাই, ফুল না হাফ?’
কিছু না ভেবেই বললাম, ‘হাফ হলেই চলবে।’
মুহূর্তের মধ্যে তিনি দোকানে রাখা পানির পাত্র থেকে একটা ফেনসিডিলের বোতল তুলে এনে চায়ের কাপে ঢেলে দিলেন। সঙ্গে দুধ আর বেশ খানিকটা চিনি।
কাপ নাড়াচাড়া করতে করতে জিজ্ঞেস করলাম, ‘আপনার সব খরিদ্দার কি এই চা খায়?’
দোকানি বললেন, ‘এদের কেউ কেউ ধনীর পুলা। কাজকাম নাই, বাপের ট্যাকায় মিষ্টি চা খাতে আসে। আর গায়ের ছ্যালিরা আসে বুতল বেচতে। ওরাও বেকার। শেষমেশ এই ব্যবসা ধরিছে।’
হাসতে হাসতে দোকানি বলেন, ‘এমপি (আবু তালহা) কাজ দিতে চাইয়া তো দিল না। এখন আমার চা আর ওদের বুতল লিয়া কোনো রকম দিনকাল কাটছে।’
এই দোকানির মতো লালপুর-বাগাতিপাড়ার হাজারও তরুণের মনে ক্ষোভ জন্মেছে স্থানীয় সাংসদ আবু তালহার ওপর। কারণ, গত নির্বাচনে তিনি এসব তরুণের বেকারত্ব ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার সাধারণ ভোটার, আওয়ামী লীগের নেতা-কর্মী এমনকি জাতীয় পার্টির কিছু নেতা-কর্মীর কণ্ঠেও একই সুর।
মহাজোট থেকে জাতীয় পার্টির মো. আবু তালহা গত নির্বাচনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন। নির্বাচনী প্রচারণায় তাঁর প্রধান প্রতিশ্রুতি ছিল এলাকার তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু গত পাঁচ বছরে তিনি লালপুর ও বাগাতিপাড়ায় একটি শিল্পপ্রতিষ্ঠানও গড়ে তোলেননি। কর্মসংস্থানের অন্য কোনো সুযোগও সৃষ্টি করেননি।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, ‘তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানসহ কোথাও এলাকার বেকারদের চাকরি দেওয়ার বিষয়টি আমার নজরে আসেনি। তিনি এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা তো দূরের কথা, ভিত্তিপ্রস্তর স্থাপনও করেননি। এর কারণে এলাকার হাজার হাজার বেকার যুবক হতাশ হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে।’
লালপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুর রশিদ বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে সাংসদ তাঁর প্রতিশ্রুতি পালন করতে পারেননি। কারণ, তিনি স্থানীয় আওয়ামী লীগের কোনো সহযোগিতা পাননি।
সাংসদ আবু তালহা লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বেকারদের কর্মসংস্থান করতে না পারার কথা স্বীকার করে বলেন, ‘এটা আমার ব্যর্থতা। তবে এই ব্যর্থতার জন্য আমি একা দায়ী নই। এর জন্য সরকারও দায়ী। কারণ আমি এই এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করার জন্য গ্যাস ও বিদ্যুতের সহযোগিতা চেয়েছিলাম। সরকার অর্থাভাবে এসব সহযোগিতা দিতে পারেনি।’