কর্মসংস্থানের টাকায় আ.লীগ নেতার ধান কাটা
কর্মসংস্থান কর্মসূচির নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের দিয়ে আওয়ামী লীগের এক নেতা নিজের জমির ধান কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির জমিতে গিয়ে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের ধান কাটতে দেখা গেছে। সরকারি টাকা ব্যয়ে নিজের জমির ধান কাটার কাজ করানোয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে অতিদরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে মোট দুই হাজার ৮৭৩ জন শ্রমিককে এ কর্মসূচির আওতায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক শ্রমিক দৈনিক ১৫০ টাকা করে মজুরি পাবেন এবং প্রত্যেককে একটানা ৪০ দিন কাজ করতে হবে। সেই হিসেবে ধুনটের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনে ২৩৩ জন শ্রমিক নিয়ে তিনটি ভাগে বিভক্ত হয়ে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও রাস্তার মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল নিয়োগপ্রাপ্ত ২৪ জন শ্রমিক দিয়ে গতকাল সকাল থেকে তাঁর নিজের জমির ধান কাটাচ্ছেন।গতকাল সকাল ১০টায় কথা হয় শ্রমিকনেতা মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এত দিন রাস্তা ও বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ করেছি। আজকেই হেলাল সাহেবের কথামতো তাঁর জমির ধান কাটছি। আজ একটি মসজিদের মাঠে মাটি ভরাটের কাজ করার কথা ছিল।’ এলাঙ্গী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাছুদা খাতুন জানান, কর্মসংস্থানের শ্রমিক দিয়ে একটি উচ্চবিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কাজ করার কথা ছিল। এসব শ্রমিক দিয়ে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাঁর জমির ধান কাটাচ্ছেন।এম এ তারেক হেলাল বলেন, ‘কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে আমার জমির ধান কাটার পরিকল্পনা ছিল না। শ্রমিকের সর্দার হেলাল আর শামীম আমাকে মানুষের কাছে ছোট করার জন্যই ষড়যন্ত্র করেছেন। তাঁরাই শ্রমিক দিয়ে আমার জমির ধান কেটে দিচ্ছেন।’ তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। তাই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে।কর্মসংস্থান কর্মসূচির তদারককারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান আলী জানান, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি বলেন, ‘বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। আমি এখন সেখানে যাচ্ছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’