কর্মসংস্থানের মজুরি না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা এই কর্মসূচির আওতায় দুই সপ্তাহ কাজ করে টাকা না পাওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ ঘেরাও ও বিক্ষোভ মিছিলসহ এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করেছেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসে শ্রমিকদের টাকা দেওয়ার নিশ্চয়তা দিলে তারা শান্ত হন।ক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রেনু বেগম, খন্দকারটোলার শাহনাজ বেগম, বিরইল গ্রামের জ্যোৎস্না খাতুন, মামুরশাহী গ্রামের হাসিনা বেওয়া, চকপোতার শাহ আলমসহ একাধিক ভুক্তভোগী জানান, তাঁদের এই প্রকল্পে কাজ করার জন্য মির্জাপুর ইউনিয়নের সচিব মো. হাতেমুজ্জামান ও প্রকল্প কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেনকে নাম তালিকাভুক্তির জন্য ঘুষ দিতে হয়। গত বৃহস্পতিবার তাঁরা দুই সপ্তাহের কাজের টাকা নিতে এলে তাঁদের কাছ থেকে আরও ২০০ টাকা করে দাবি করেন। শ্রমিকেরা এই টাকা দিতে না চাইলে ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে বসিয়ে রাখা হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। এ সময় ইউপি সদস্য আবদুস সামাদ শ্রমিকদের নামের নিবন্ধন কার্ড নিয়ে যেতে লাগলে শ্রমিকেরা তাঁকে লাঞ্ছিত করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, এ উপজেলার ওই প্রকল্পের আওতায় দুই হাজার ৩৮৫ জন নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে মির্জাপুর ইউনিয়নে ৩৯০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। তবে শ্রমিক নিয়োগ করে অবৈধভাবে টাকা আদায়ের ঘটনা তিনি জানতেন না।অভিযুক্ত সচিব মো. হাতেমুজ্জামান ও প্রকল্প কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন তাঁদের বিরুদ্ধে শ্রমিকদের টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করেন। তবে ইউপি সদস্য আবদুস সামাদকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।