কর্মসংস্থানের শ্রমিকদের দিয়ে কাবিখার কাজ
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলাল কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে কাবিখা প্রকল্পের কাজ করিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, কাবিখা কর্মসূচির আওতায় ২০১৩-১৪ অর্থবছরে রাঙ্গামাটি গ্রামের হবিবর রহমানের বাড়ি থেকে দিদারপাড়া কবরস্থান পর্যন্ত এক হাজার ৫০০ মিটার রাস্তার মাটি ভরাটের কাজ শুরু করেছেন প্রকল্পের সভাপতি তারেক হেলাল। একই সময় ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজও শুরু হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এক লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১২৯ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এ কাজে প্রত্যেক শ্রমিক দৈনিক ১৭৫ টাকা করে পাবেন। এই শ্রমিকদের অন্য কোনো প্রকল্পে কাজ করানোর অনুমতি নেই। অথচ তারেক হেলাল এই শ্রমিকদের দিয়ে কাবিখা প্রকল্পের কাজ করিয়েছেন।
তারেক হেলাল বলেন, ‘কাবিখা প্রকল্পে কর্মসংস্থানের শ্রমিকদের দিয়ে কাজ করানোর বিষয়টি আমার জানা ছিল না। জানার পরপরই শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।’
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও হাফিজুর রহমান বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।