কর্মসংস্থানের শ্রমিকে কাবিখার কাজ, প্রকল্প বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের কর্মসংস্থানের কর্মসূচির শ্রমিক দিয়ে কাজের বিনিময় খাদ্য কর্মসূচির (কাবিখা) প্রকল্পের কাজ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় কাবিখার ওই প্রকল্পটি বাতিল করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরের (প্রথম পর্যায়) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার ১২১ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য এক কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক দৈনিক ১৭৫ টাকা পাবেন। সেই পরিমাণে চিকাশি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে তিনটি প্রকল্প করে রাস্তার মাটি ভরাটের জন্য ২২৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিকদের নয়টি ভাগে ২৩ থেকে ২৭ জন করে মোট ৪০ দিন কাজ করার কথা। একই সঙ্গে চিকাশি ইউনিয়নে জোড়শিমুল পাকা রাস্তা থেকে শামিমের বাড়ি পর্যন্ত দুই হাজার ২০০ মিটার রাস্তা মাটি ভরাটের জন্য ১৬ মেট্রিক টন কাবিখার প্রকল্পের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কাবিখা প্রকল্পের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কর্মসংস্থার কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিখার প্রকল্পের কাজ করিয়েছেন। এক সপ্তাহ ধরে কর্মসংস্থার কর্মসূচির শ্রমিক দিয়ে প্রায় ৭০ ভাগ রাস্তার মাটি ভরাটের কাজ করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনা প্রমাণিত হওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি মঙ্গলবার দুপুরে চিঠি দিয়ে কাবিখার প্রকল্পটি বাতিল করে দেন।জাকির হোসেন বলেন, ‘আমি গত কয়েক দিন এলাকায় ছিলাম না। এ কারণে আমার পরিষদের কয়েকজন সদস্য ভুল করে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিখা প্রকল্পের রাস্তায় মাটি ভরাটের কাজ করেছে। এ জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুুল্লা হেল কাফি আমাকে চিঠি দিয়ে প্রকল্পটি বাতিল করে দিয়েছেন।’ইউনিয়ন পরিষদের সদস্য তাজুবর হোসেন জানান, কাবিখার রাস্তার মাটি ভরাটের কাজের জন্য ভালো শ্রমিক না পাওয়ায় কর্মসংস্থার কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লা হেল কাফি জানান, কমসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাবিখা প্রকল্পের রাস্তার মাটি ভরাটের কাজ করার অপরাধে চিঠি দিয়ে প্রকল্পটি বাতিল করা হয়েছে। প্রকল্পের সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।