কর্মসূচি এক, আন্দোলন চলছে পৃথকভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দাবি এক, কর্মসূচিও এক। কিন্তু আন্দোলন চলছে পৃথকভাবে। মৌলভীবাজার জেলা বিএনপির কোন্দল নিয়ে এখন আর কোনো রাখঢাক নেই। মাঠপর্যায়ে দুটি অংশই তাদের শক্তি প্রদর্শনে তৎপর। প্রায় আড়াই বছর আগে বিএনপি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এতে এম নাসের রহমানকে সভাপতি, খালেদা রব্বানীকে সাধারণ সম্পাদক ও এম এ মুকিতকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি আজও।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনে মৌলভীবাজারে বিএনপি সক্রিয় অবস্থান নিয়েছে। কিন্তু সেটা এক ব্যানারে নয়। চলমান আন্দোলনে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী।দলীয় সূত্র জানায়, দুই পক্ষের দুই নেতাই বর্তমানে ঢাকায় আছেন। তাই এম নাসের রহমান পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মুকিত, বিএনপির নেতা বকসী মিছবাউর রহমান, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, ইউসুফ আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আশিক মোশারফ, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, যুবদলের নেতা হেলু মিয়া, মুজিবুর রহমান, ছাত্রদলের নেতা জাকির হোসেন প্রমুখ।অন্যদিকে খালেদা রব্বানী পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফয়জুল করিম, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন, মোশারফ হোসেন, মিজানুর রহমান, কাউন্সিলর আয়াছ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নেতা মতিন বখস প্রমুখ। খালেদা রব্বানী পক্ষের অন্যতম নেতা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা দলের প্রতিষ্ঠাতাদের একজনের নেতৃত্বে আছি। দলের মূলধারা হচ্ছে এটি। অন্য অংশ হচ্ছে ব্যবসায়ীদের। হরতাল-বিক্ষোভ-মিছিল সবকিছুই আমরা করছি। কিন্তু আলাদাভাবে করতে হচ্ছে।’ এম নাসের রহমান পক্ষের অন্যতম নেতা জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এ মুকিত বলেন, ‘দলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই ঢাকায় থাকেন। তাঁরা দুজন এক হয়ে গেলেই নিচের দিকে সব ঠিক হয়ে যাবে।’