কর্মসূচি ঘোষণার পরই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ আবদুল হাই হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটার দিকে নগরের রিকাবিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার একদল পুলিশ।
হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি হিসেবে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহ জামান। গতকাল বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
তবে জামায়াতসহ ২০-দলীয় জোটের নেতাদের দাবি, গতকালের কেন্দ্রীয় কর্মসূচিতে বাধার সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
পুলিশ জানায়, হারুনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে সিলেটে গত বছরের ২ মার্চ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জগৎজ্যোতি তালুকদার হত্যা মামলারও তিনি অন্যতম আসামি।
হারুন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সিলেট মহানগর কমিটির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাত নয়টার দিকে নগরে বিক্ষোভ করেছে জামায়াত। আম্বরখানা মোড়ে মিছিল শেষে এক পথসভায় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি শাহজাহান আলী ও মহানগর শিবির সভাপতি আবদুর রাজ্জাক বক্তব্য দেন।
জোটের সদস্যসচিবকে গ্রেপ্তার করায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জোটের মহানগর কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির সভাপতি এম এ হক, জোটের যুগ্ম আহ্বায়ক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী, জমিয়তের মহানগর সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরি, খেলাফত মজলিশের সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, জাগপা সিলেট জেলার সভাপতি মকসুদ হোসেন, লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান, এলডিপির সভাপতি সায়েদুর রহমান চৌধুরী, বিজেপির (আন্দালিব পার্থ) আহ্বায়ক মোজাম্মেল হোসেন প্রমুখ।