কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনরত শিক্ষকেরা
এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এশারত আলী এ কথা বলেন। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না। কেবল প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই কর্মসূচি স্থগিত করা হবে। সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়া হলেও বিকেলে সেই অবস্থান থেকে সরে আসে সংগঠনটি। এশারত আলী বিকেলে প্রথম আলোকে বলেন, ২২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হওয়ার কথা আছে। তাঁরা আশা করছিলেন ওই দিন তাঁদের জন্য কোনো সুখবর আসবে। কিন্তু গতকাল দুপুরে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে তাঁদের বৈঠক হলে তিনি জানান, কমিটি শুধু সুপারিশ করতে পারে। বাস্তবায়ন করে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। এ কথা শোনার পর তাঁরা তাঁদের অবস্থান পরিবর্তন করেন।নেতারা জানান, পটুয়াখালীর এক শিক্ষক ঢাকা থেকে বাড়ি ফেরার পর গত মঙ্গলবার মারা যান। আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।