কর্মসূচি ডেকে সমাবেশস্থলে যায়নি জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু দলটির নেতা-কর্মীরা সমাবেশস্থলে যাননি। তাঁরা রাজধানীর অন্য তিন জায়গায় মিছিল করেছেন।
গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই সারা দেশে ‘প্রতিবাদ’ কর্মসূচি দেয় জামায়াত। ঢাকায় রাজধানীর ব্যস্ততম এলাকা বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সমাবেশ আহ্বান করে। কিন্তু এর জন্য ঢাকা মহানগর পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয়। সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।
এদিকে বেলা দুইটার পর রাজধানীর রামকৃষ্ণ মিশন রোড, খিলগাঁও চৌরাস্তা ও ধানমন্ডির রাফা প্লাজা এলাকায় পৃথক মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ রামকৃষ্ণ মিশন রোডে জামায়াত-শিবিরের কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে ফাঁকা গুলি করে ধাওয়া দিলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকা মহানগর জামায়াত রামকৃষ্ণ মিশন রোডে পুলিশের গুলিতে দলের ১০ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে।