সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ২৭ সেপ্টেম্বর সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল রোববার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। এ টি এম আজহার বলেন, সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। চার দলের এই সমাবেশের ঘোষণা কেন পৃথকভাবে দেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে আজহার বলেন, ‘অপেক্ষা করুন, এক মঞ্চে যখন উঠছি, ঘোষণা দিতে তো সমস্যা হবে না।’সংবাদ সম্মেলনে বলা হয়, ৩২ মাসের শাসনে বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ সময় কেবল রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে সাড়ে ৪০০। মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। সরকারি প্রতিষ্ঠান টিসিবির প্রতিবেদনেই বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০০ থেকে ২০০ শতাংশ বেড়েছে। সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান, শফিকুর রহমান, রফিকুল ইসলাম খান, তাসনীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।ইসলামী ঐক্যজোট: গতকাল বেলা দেড়টায় চার দলের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সংগঠনের লালবাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করেন। তিনি চার দলের এই সমাবেশ সফল করার আহ্বান জানান।বিজেপি ও খেলাফত মজলিস: জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান ও মহাসচিব শামীম আল মামুন এক বিবৃতিতে চার দলের সমাবেশ কর্মসূচি সফল করতে নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।খেলাফত মজলিস এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক আহ্বান করেছে।দলটির আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘এটা চার দলের সমাবেশ। আমরা সবাই মিলে সমাবেশ সফল করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’