মেহেরপুরের গাংনী পৌরসভার বহুল আলোচিত মেয়র আহম্মদ আলীর পূর্বঘোষণা অনুযায়ী গত সোমবার পুলিশ সুপার (এসপি) ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাথায় ঘোল ঢেলে বিদায় করার কর্মসূচি পালিত হয়নি। হয়নি এসপির কার্যালয় ঘেরাও। মেয়র আহম্মদ আলীর ঘোষণা অনুযায়ী সোমবার এসপি ও গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিককে মাথায় ঘোল ঢেলে বিদায় করতে এসপির কার্যালয় ঘেরাও কর্মসূচি আহ্বান করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কর্মসূচি বাতিল করে আহম্মদ আলী এসপির বদলির তদবির নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। দলীয় সূত্র জানায়, সোমবার নির্ধারিত ওই কর্মসূচি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। কর্মসূচি পালনের জন্য প্রায় ৪০০ নছিমন, করিমন ও আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) ভাড়া করা হয়েছিল। কর্মসূচিটি ভিডিও করার জন্য ক্যামেরাম্যানও নিয়োগ করা হয়।ভিডিও ক্যামেরাম্যানসহ নছিমনের একাধিক চালক জানান, সোমবার ভোরে মেয়রের লোকজন ঘেরাও কর্মসূচি বাতিলের খবর দেন। তাই তাঁরা যাননি।দলীয় একাধিক সূত্র জানায়, মেহেরপুর ও গাংনী আওয়ামী লীগের এক পক্ষ এ কর্মসূচির বিপক্ষে অবস্থান নেওয়ায় মেয়র আহম্মদ আলী ওই কর্মসূচিটি বাতিল করে দলবল নিয়ে এসপির বদলির তদবির করতে ঢাকায় চলে গেছেন। তাই কর্মসূচি পালন করা হয়নি।এ ব্যাপারে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে মেয়র আহম্মদ আলী বলেন, ‘মাথায় ঘোল ঢেলে এসপিকে বিদায় করার কর্মসূচি বাতিল করে তাঁকে বদলি করতে নেতৃবৃন্দকে নিয়ে ঢাকা এসেছি।’মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এসপির কার্যালয় ঘেরাও কর্মসূচির নামে আওয়ামী লীগের একাংশ শহরকে অশান্ত করতে চেয়েছিল। পুলিশ এই কর্মসূচি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে।ঢাকায় অবস্থানরত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি কৌসূলী মিয়াজান আলী বলেন, ‘নিজেরা দুর্নীতিবাজ হয়ে এসপির দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা খুবই হাস্যকর। তাই মাঠপর্যায়ের কর্মীরা এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন।’ গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে ওই দুই কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে মাথায় ঘোল ঢেলে তাঁদের মেহেরপুর থেকে বিদায় করার হুমকি দেন মেয়র আহম্মদ আলী। এ ঘটনায় ওই দিনই গাংনী ও মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি হয়। গতকাল ওই ঘোষণা বাস্তবায়নে এসপির কার্যালয় ঘেরাও কর্মসূচি আহ্বান করা হয়।উল্লেখ্য, কেউ কথা না শুনলে বা কথামতো কাজ না করলেই মেয়র আহম্মদ আলী তাঁকে মারধর করেন বলে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গত ১২ আগস্ট প্রথম আলোতে ‘তিনি শুধুই মারেন!’ শিরোনামে সংবাদও প্রকাশিত হয়।