সাংঘর্ষিক কর্মসূচির অনুমতি দেবে না ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে রাজধানীতে কোনো দলকে সাংঘর্ষিক কোনো কর্মসূচি করার অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির নিউজ পোর্টালের দুই বছর পূর্তি উপলক্ষে নিজেদের মিডিয়া সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ জানুয়ারি রাজধানীর একই জায়গায় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। গত বছরের মতো এবারও দল দুটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

পুলিশ কোন দলকে জনসভা করার অনুমতি দেবে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, একই জায়গায়, একই তারিখে জনসমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। দুটি দরখাস্তই পাওয়া গেছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভূত পরিস্থিতি কী হতে পারে, হুমকি বিশ্লেষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে দুই দলকে জানিয়ে দেওয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জননিরাপত্তার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তাদের কাছে মনে হয় পরস্পরবিরোধী সমাবেশ একই স্থানে, একই জায়গায়, একই সময়; সেখানে জননিরাপত্তার স্বার্থে কোনোভাবেই তারা সাংঘর্ষিক কোনো কর্মসূচি কাউকে করার অনুমতি দিতে পারে না।

ডিএমপির কমিশনার জোর দিয়ে বলেন, সাংঘর্ষিক কোনো কর্মসূচি করতে দেওয়ার কোনো সুযোগ নেই।

কোনো দলকে জনসভা করার অনুমতি দেওয়া বা না-দেওয়ার প্রসঙ্গে আছাদুজ্জামান জানান, তাঁদের (ডিএমপি) কিছু নিয়মকানুন রয়েছে। তাঁরা ডিসি রমনা ও ওসি শাহবাগের কাছে প্রতিবেদন চেয়েছেন। আজকেই হয়তো ওই প্রতিবেদন পাওয়া যাবে। এরপর দুই দলকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানানো হবে।

ডিএমপির কমিশনার বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলছি, সাংঘর্ষিক কোনো কর্মসূচি, যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা নিকট অতীতে আমরা অনেকবার দেখেছি। এ ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি আমরা দেব না। এবং এ ধরনের কর্মকাণ্ড যে-ই করুক না কেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ এবং নিরাপত্তা-ব্যবস্থা ডিএমপির পক্ষ থেকে গ্রহণ করা হবে।’

কোনো দল তাদের কর্মসূচির জন্য যদি বিকল্প স্থান চায়, সে ক্ষেত্রে করণীয় কী হবে—এ বিষয়ে জানতে চাইলে আছাদুজ্জামান বলেন, কেউ যদি শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি করে, তাতে পুলিশের বাধা দেওয়ার কোনো কারণ নেই। তবে কর্মসূচি যদি সাংঘর্ষিক হয়, তা হলে তা করতে দেবে না পুলিশ। এ ব্যাপারে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডিএমপির কমিশনার।

গত ৩০ ডিসেম্বর রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত হয়। পরদিন দলের পক্ষ থেকে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। গতকাল শনিবার বিএনপির যৌথ সভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারি জনসভা করার ঘোষণা দেন।

গতকাল রাতে আওয়ামী লীগও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ঢাকা মহানগরের ১৮টি স্থানে সভা-সমাবেশের কর্মসূচি দিয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও শোভাযাত্রা ও সভা-সমাবেশ করা হবে বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া শিল্পকলা একাডেমিতে ৫ থেকে ৭ জানুয়ারি দলটির পক্ষ থেকে গত বছরের জ্বালাও-পোড়াও নিয়ে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকার মনে করছে, বিএনপি গত বছরের ৫ জানুয়ারির মতো কোনো অবস্থা তৈরি করতে পারবে না। কিন্তু এর পরও দলটিকে মাঠ গরম করার সুযোগ দিতে আগ্রহী নয়। কারণ, পৌর নির্বাচনে বিপর্যস্ত দলটিকে মাথা তুলে সংগঠিত হওয়ার সুযোগ দিতে চায় না সরকার। সরকারের ধারণা, বিএনপি রাজধানীতে একবার প্রকাশ্যে বড় জমায়েত করতে পারলে নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠবেন। তাই এ সুযোগ দেবে না সরকার।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ৫ জানুয়ারি ভোটারবিহীন যে নির্বাচন হয়েছিল, তা যেন মানুষের মন থেকে হারিয়ে না যায়, সেটা মনে করিয়ে দেওয়া। নানা কর্মসূচির মাধ্যমে মাঠে থাকা গেলে নেতা-কর্মীদেরও ঐক্যবদ্ধ করা যাবে। পৌর ভোটের পরপর এই কর্মসূচি হলে ভোট নিয়ে মানুষের মনে যে ক্ষোভ আছে, তা কিছুটা হলেও বাড়বে। এটা সরকারের জন্য অস্বস্তিকর হবে। সরকার এই কর্মসূচি করতে না দিলে বিএনপি মানুষের সহানুভূতি পাবে। সরকার সমালোচনায় পড়বে।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের দিনটি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আর আওয়ামী লীগ দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে। গত বছর এ দিনটিতে কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকেছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তিন মাসের টানা অবরোধ-হরতাল-নাশকতায় অনেক মানুষের মৃত্যু হয়, বহু গাড়ি ও যানবাহন পোড়ানো হয়।

আরও পড়ুন: