কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভয়াবহ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামী ২৯ ডিসেম্বর তাঁদের রাজধানীমুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। এ কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করেন।
বড়দিন উপলক্ষে গতকাল বুধবার রাতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি তফসিল স্থগিত করে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান তিনি।
খালেদা জিয়ার আশঙ্কা ১৮ দলের কর্মসূচি করতে নাও দিতে পারে সরকার, তাঁদের অবরুদ্ধ করে রাখা হতে পারে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এমনটি করা হলে তার পরিণতি হবে ভয়াবহ, কঠিন ও করুণ। বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারকে বলব, সাহস থাকলে কর্মসূচিতে বাধা দেবেন না। আমাকেও বাধা দেবেন না। বাধা দিলে বুঝব সরকার কত দুর্বল।’ তিনি সরকারকে আলোচনায় আসতে আবারও আহ্বান জানান।