কর্মসূচির নামে যেকোনো অরাজকতা কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিএনপি-জামায়াত জোট যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় চারদলীয় জোটের ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগ ওই সমাবেশের আয়োজন করে। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্যে বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৯ সেপ্টেম্বর জামায়াত-শিবির একটি কর্মসূচির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত করেছিল। তিনি বলেন, ‘এই হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ আমাদের একাত্তর সালে মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেয়। মুক্তিযোদ্ধারা যখন দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেদিন এই জামায়াতই এর বিরোধিতা করেছিল। এ দেশের বুদ্ধিজীবীদের তারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।’সাহারা খাতুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন ঘটেছে, বিগত ১০ বছরে এমন অবস্থা ছিল না বলে তিনি উল্লেখ করেন। বিএনপি ও খালেদা জিয়া জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলার মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, তখন এই বিচারে বাধা দিচ্ছে একটি মহল। বিএনপিসহ যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তাদের লক্ষ্য কোনো দিন সফল হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, যত বাধাই আসুক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মো. ফারুক চৌধুরী, ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রমুখ। সভাপতিত্ব করেন ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম।