কর্মসৃজন কর্মসূচি থেকে বাদ পড়া শ্রমিকদের বিক্ষোভ
কর্মসৃজন কর্মসূচি থেকে বাদ পড়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ও গাড়াগ্রাম ইউনিয়নের সহস্রাধিক দরিদ্র শ্রমিক গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন। এ সময় তাঁরা কাজে পুনর্বহালের দাবি জানান। সমাবেশে বঞ্চিত শ্রমিকেরা অভিযোগ করেন, এ কর্মসূচির ১২ শতাংশ শ্রমিককে ছাঁটাই করার সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন টাকার বিনিময়ে ঢালাওভাবে সবাইকে বাদ দেওয়ার চক্রান্ত করছে।শ্রমিকেরা অভিযোগ করেন, বর্তমান কমিটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যরা এক থেকে দেড় হাজার টাকা করে ঘুষ নিয়ে নতুন লোকদের নাম তালিকায় তুলছেন।সমাবেশে শ্রমিকেরা তাঁদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বক্তৃতা করেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন ও ইউএনও মো. জিয়া উদ্দিন তাঁদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।কিশোরগঞ্জ উপজেলার ইউএনও মো. জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে গত বছরের ৫০ শতাংশ শ্রমিক বাদ দিয়েছি। আর গত বছর যাঁরা নিয়োগ পাননি, এমন দরিদ্রদের এ বছর তালিকাভুক্ত করছি।’ টাকার বিনিময়ে দলীয় নেতা-কর্মীরা নতুন তালিকা করছেন—এমন অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘এমন অভিযোগ আমিও বিভিন্ন প্রান্ত থেকে পেয়েছি। তাঁদের বলেছি, আপনারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা বিষয়টি দেখব।’উলিপুরে ৫০০ শ্রমিকের বিক্ষোভএকই দাবিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ শতাধিক শ্রমিক গত রোববার বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বছর দৈনিক ১২০ টাকা হারে উপজেলার নয় হাজার ২০৮ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এ বছর সরকারের নির্দেশনা অনুযায়ী এক হাজার ২৫৬ জন শ্রমিককে বাদ দেওয়া হয়। ২৪ মার্চ থেকে নতুন তালিকাভুক্ত শ্রমিকেরা কাজ শুরু করেন। তালিকায় বাদ পড়া শ্রমিকেরা এতে বিক্ষুব্ধ হয়ে উলিপুর পৌর শহরে মিছিল করেন।শ্রমিকদের অভিযোগ, ঘুষ দিতে না পারায় তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গত বছরের তুলনায় বরাদ্দ কম আসায় এবার সহস্রাধিক শ্রমিককে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।