কর্মসৃজন কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য সরকারের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে সরকারি দলের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও জাতীয় পার্টির পীর ফজলুর রহমান। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তাঁরা এ অভিযোগ তোলেন।
পীর ফজলুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর উদ্দেশে এক সম্পূরক প্রশ্নে বলেন, কর্মসৃজন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া এই প্রকল্পে দুর্নীতি চলছে। বেশির ভাগ ক্ষেত্রে ২০ থেকে ৪০ ভাগ কাজ বাস্তবায়ন হয় না।
ফজলুর রহমান কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করার দাবি জানান। অপর এক সম্পূরক প্রশ্নে সুকুমার রঞ্জন বলেন, ৪০ দিনের কর্মসূচি শুভঙ্করের ফাঁকি।
জবাবে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন বলেন, এই কর্মসূচিতে কোনো দুর্নীতি হচ্ছে না। এই প্রকল্পের তালিকা জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো হয় এবং তালিকা তৈরিতে সাংসদেরা সম্পৃক্ত থাকেন, তাঁরা পরামর্শ দিয়ে থাকেন।
এ সময় সংসদের বেশির ভাগ সদস্য ‘না’ ‘না’ বলে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন।
সেলিনা বেগমের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন বলেন, সংরক্ষিত আসনের নারী সাংসদদের জন্য টিআর ও কাবিখার বরাদ্দ বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় আছে।
ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ঘরের কাজের সঙ্গে জড়িত জনগোষ্ঠীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে আগামী দুই-তিন মাসের মধ্যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করা হবে। এই নীতিমালা আইন প্রণয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ করবে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের মুক্ত করে উপানুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে।