কর্মসৃজন প্রকল্পের কাজে শিশুরা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে বেশ কিছু শিশু কর্মসৃজন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছে। এসব শিশুর বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। শ্রম আইন লঙ্ঘন করে কৌশলে তাদের দিয়ে এ কাজ করানো হচ্ছে।
অচিন্তপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অধীন চারটি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। এসব প্রকল্পের কাজ করার জন্য ৫১২ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ৩৪ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা বা কাজ করিতে দেওয়া যাইবে না।’ কিন্তু ওই আইন লঙ্ঘন করে অচিন্তপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পগুলোর কাজ শিশুদের দিয়ে করানো হচ্ছে। শ্রমিকের তালিকায় পুরুষ ও নারী শ্রমিকের নাম থাকলেও কাজ করছে তাঁদের শিশুসন্তানেরা। স্থানীয় লোকজনের অভিযোগ, তাদের দিয়ে মাটি ভরাটের মতো ভারী কাজ করানো হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, অচিন্তপুর ইউনিয়নের ডেকুরা বাজার থেকে শৈলপাই পর্যন্ত মাটি কেটে কাঁচা রাস্তা সংস্কার প্রকল্পের কাজ করছেন ৩৫ জন শ্রমিক। তাঁদের ১২ জনই শিশু। শিশু শ্রমিকেরা জানায়, তাদের মা অথবা বাবা এই প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক। কিন্তু তাঁরা (মা-বাবা) অন্য কাজে ব্যস্ত অথবা অসুস্থ থাকায় তাঁদের বদলে শিশুরা কাজ করতে এসেছে। প্রকল্প-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাজ করতে আসা অনেক শিশুর মা-বাবা অন্য কাজ করে টাকা আয় করছেন। তাঁরা বাড়তি আয়ের জন্য কর্মসৃজন কর্মসূচির তালিকায় নাম দিয়েছেন।
অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি চান মিয়া জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নেবেন।
ডেকুরা গ্রামের জজ মিয়ার ছেলে শরীফ (৮) জানায়, সে বাবার পরিবর্তে বয়স্ক শ্রমিকদের সঙ্গে মাটি কেটে রাস্তা ভরাটের কাজ করতে এসেছে।
শরীফের মতো এ প্রকল্পে কাজ করতে আসা অনেক শিশু জানায়, মাটি কাটার কাজ করা অনেক কঠিন। তার ওপর বড়দের সঙ্গে সমানতালে কাজ করে যাওয়ার জন্য অনেকেই তাদের চাপ দেন।
কর্মসৃজন প্রকল্পের মাঠ তত্ত্বাবধায়ক (ফিল্ড সুপারভাইজার) শওকত জামিল বলেন, ‘অভিযোগ আমিও পেয়েছি। শিশু শ্রমিকদের কাজে লাগাতে নিষেধ করার পরও প্রকল্পের সভাপতিরা এ নিষেধাজ্ঞা মানছেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’