কর্মসৃজন প্রকল্পের কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২৪টি প্রকল্পের এক কোটি ৬৫ লাখ টাকার কাজে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। কাজ বন্ধ রেখে ও অনুপস্থিত শ্রমিকদের নামে এরই মধ্যে অধিকাংশ টাকা তোলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্ট মার্টিন ইউনিয়নের ২১টি প্রকল্পে লুটপাটের মাধ্যমে কাজ চললেও আরও তিনটি প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গোটা উপজেলায় তালিকাভুক্ত উপকারভোগী শ্রমিকের সংখ্যা দুই হাজার ৩৬২ জন।প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয় গত ১৯ নভেম্বর। উপরিউক্ত শ্রমিকদের বিপরীতে এক কোটি ৬৫ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার বাদে পাঁচ দিন কাজ করার কথা এবং শ্রমিকেরা জনপ্রতি দৈনিক ১৭৫ টাকা মজুরি পাবেন। এসব কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের। ১৯ নভেম্বর থেকে ৪০ দিনের এ কর্মসূচির কাজ শুরু হয়েছে বলে উপজেলা প্রকল্প কর্মকর্তা দাবি করলেও ২৯ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইউনুচ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) উপস্থিতিতে হ্নীলা ইউনিয়নের চারটি প্রকল্পের উদ্বোধন করা হয়। হ্নীলা ইউনিয়নের আমিরীখাল পুনঃ খনন প্রকল্প এলাকায় উপকারভোগী শ্রমিক ৯৫ জন। ওই এলাকায় গত রোববার গিয়ে দেখা যায়, সেখানে কোনো শ্রমিক নেই। এলাকার হাকিম আলী (৩৫) ও নবী হোসেন (৩৮) জানান, প্রতি বৃহস্পতি ও শুক্রবার কাজ বন্ধ থাকে। এখানে কিছু দিন প্রায় ৬০ ও পরে ৪০ শ্রমিক কাজ করে। এখানে কাজ করেছেন একই এলাকার লবণমাঠের শ্রমিক নজির আহাম্মদ (৪২)। তাঁর অভিযোগ, তিনি প্রথমে ১৪ দিন কাজ করে সাত দিনের বেতন পান। তাও দৈনিক ১২০ টাকা করে। সাত দিনের বেতন না পাওয়ায় আর কাজে যাননি।একই দিন সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত প্রকল্পে গিয়ে ১০২ জন উপকারভোগী শ্রমিকের স্থলে ৩৫ জনকে পাওয়া গেছে। হ্নীলা ইউনিয়ন প্রকল্প কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাশেদা বেগম। তাঁকে সেখানে পাওয়া যায়নি। তাঁর স্থলে স্বামী দেলোয়ারুল ইসলামকে পাওয়া গেল। তিনি বলেন, ‘উপজেলার প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগের নেতাকে কমিশন দিতে হচ্ছে। ভালো কাজ কী করে হবে!’বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পানিরছড়া খাল হয়ে হাংগরছড়া ও বড় ডেইল মাঠপাড়া হয়ে নোয়াখালী পর্যন্ত খাল খনন এবং উভয় পাশে মাটি দ্বারা রক্ষণাবেক্ষণ প্রকল্পে এক সপ্তাহ ধরে কাজ বন্ধ রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য। বাহারছড়ার (তদারকি কর্মকর্তা) সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার কামাল ওই এলাকার কাজ এক সপ্তাহ ধরে বন্ধ থাকার কথা স্বীকার করেছেন। গত এক সপ্তাহে উপজেলার বাহারছড়া, সাবরাং ও টেকনাফ সদর ইউনিয়নের ১২টি প্রকল্প ঘুরে একই চিত্র দেখা গেছে। এ তিন ইউনিয়নে এক হাজার ৩৭৫ জন শ্রমিকের স্থলে ৭৩১ জন শ্রমিক কাজ করছেন বলে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।টেকনাফ জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান ও আবু সৈয়দ জানান, এ পর্যন্ত চারটি কিস্তির টাকা উত্তোলন করা হয়েছে। প্রকল্পগুলোর শ্রমিকেরা দলনেতার মাধ্যমে টাকা নিচ্ছেন। হ্নীলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তানবীর সাইফুল্লাহ বলেন, এখান থেকে পাঁচ কিস্তির টাকা ওঠানো হয়েছে।টেকনাফের পিআইও আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইউনুচ বাঙ্গালী বলেন, ‘১৯ নভেম্বর থেকে উপজেলায় কোনো কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়নি। এ নিয়ে ২৮ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন। ২৯ নভেম্বর হ্নীলা ইউপিতে প্রকল্পের কাজ আমি নিজে উদ্বোধন করি।’