কর্মসৃজন প্রকল্পের টাকা আ.লীগ নেতাদের পকেটে
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত রোববার শতাধিক শ্রমিক ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তাঁদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। ইউএনও এ এস এম ফেরদৌস সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন প্রকল্পের ইউনিয়ন কমিটির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা শ্রমিকদের ওই টাকা তুলে নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংক কর্তৃপক্ষকে প্রকল্পের টাকা প্রদান বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় বিভিন্ন জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে কর্মসৃজন প্রকল্প গত ১৪ মে থেকে শুরু হয়। প্রকল্পে ৩৭০ জন শ্রমিককে নিয়োগ দেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের নিয়োগ কার্ড না দিয়ে প্রকল্পের ইউনিয়ন কমিটির লোকজন সেগুলো তাদের হাতে রেখে দেন। কয়েক দিন আগে ওই কার্ডে শ্রমিকদের স্বাক্ষর দিতে বলেন। তাঁরা সরলবিশ্বাসে কার্ডে স্বাক্ষর দেন। পরে তাঁরা কমিটির গণ্যমান্য সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক আবদুল কাদিরসহ অন্য সদস্যদের কাছে পারিশ্রমিক দাবি করলে তাঁরা কালক্ষেপণ করতে থাকেন। শেষ পর্যন্ত গত রোববার তারা ইউএনওর কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। ইউএনও এ এস এম ফেরদৌস বলেন, শ্রমিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ১৯ মে প্রকল্পের ইউনিয়ন কমিটির লোকজন শ্রমিকদের না জানিয়ে দুই লাখ ৭৭ হাজার টাকা তুলে নিয়েছেন। বিষয়টি তিনি গভীরভাবে খতিয়ে দেখবেন এবং দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম রউকত হোসেন বলেন, ওই ইউনিয়নে ১৪ তারিখ থেকে কাজ শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত পাঁচ দিনের বেতন তোলা হয়েছে। শ্রমিকেরা কেন তাঁদের টাকা পাননি, সে ব্যাপারে খতিয়ে দেখা হবে।প্রকল্প কমিটির সদস্য আওয়ামী লীগের নেতা আবদুর রহিম টাকা তুলে নেওয়ার ব্যাপারে বলেন, কিছু তো অনিয়ম হয়েছেই। প্রকল্প কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল কাদিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু তো সমস্যা হয়েছেই। পরে তিনি এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করবেন বলে মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।সোনালী ব্যাংক বালিয়া শাখার ব্যবস্থাপক জিয়াউল ইসলাম বলেন, গত ১৯ মে দুই লাখ ৭৭ হাজার টাকার মধ্যে কিছু টাকা কমিটির লোকজন এবং কিছু টাকা শ্রমিকেরা তুলে নেন।