কর্মসৃজনের টাকা দিয়ে ঘেরের বাঁধ সংস্কার!
যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাছের ঘেরের বাঁধ সংস্কার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ব্যক্তিগত সুবিধার্থে সরকারি প্রকল্পের শ্রমিক ব্যবহার করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসৃজন প্রকল্পের আওতায় ইউনিয়নের সুজাপুর গ্রামের সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে উত্তর দিকের হাজরাতলা পর্যন্ত মাঠের মধ্য দিয়ে রাস্তার নির্মাণকাজ শুরু করা হয়েছে। যে স্থান দিয়ে ওই রাস্তা নির্মাণের কথা বলা হয়েছে, এর দুই পাশে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল হোসেনের ভাই কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মুখার্জির ভাই দীপক মুখার্জি ও জাতীয় পার্টির নেতা আবদুল লতিফের মাছের ঘের রয়েছে। গত বছর মৎস্য ঘেরগুলোর বাঁধ ভেঙে যায়। এলাকাবাসীর আভিযোগ, জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে ওই ব্যক্তিদের মাছের ঘেরের বাঁধ সংস্কারের জন্য রাজনৈতিক বিবেচনায় রাস্তা নির্মাণের এ প্রকল্প দেখানো হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই মৎস্য ঘেরগুলোর ভেঙে যাওয়া বাঁধের সংস্কার চলছে। কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকেরা সেখানে কাজ করছেন। শ্রমিকেরা জানান, ৩১ জন শ্রমিক আট দিন ধরে এখানে কাজ করছেন। এ জায়গাটা দিয়ে বেশি মানুষ চলাচল করে না।একই গ্রামের বাসিন্দা শ্রমিক মোক্তার আলী জানান, মনে হচ্ছে, মাছের ঘেরের সুবিধার জন্য এখানে কাজ করা হচ্ছে। এর চেয়ে সুজাপুর পূর্বপাড়া আবুল হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়া বেহাল রাস্তাটির সংস্কার করা জরুরি ছিল। শ্রমিক আবু বক্কর বলেন, বালিয়াডাঙ্গা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। সেখানেও কোনো কাজ হচ্ছে না।ওই প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা শরিফা খাতুন জানান, বর্ষাকালে তিন-চার মাস বিদ্যালয়ের মাঠটি পানিতে ডুবে থাকে। তখন শিক্ষার্থীদের হাঁটু সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এ রাস্তাটির সংস্কার হওয়া খুবই জরুরি।ঘেরের মালিক কামাল দাবি করেন, হাজরাতলায় যাওয়ার জন্যই কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। রাস্তার পাশে তাঁর ঘের আছে সত্যি, কিন্তু এখানে ঘেরের কোনো সুবিধা হচ্ছে না।যোগাযোগ করা হলে কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন, রাজনৈতিক বিবেচনায় প্রকল্পটি নেওয়া হয়নি। তবে রাস্তাটি উঁচু ও চওড়া করে নির্মাণ করা হলে মানুষের ব্যবহারের উপযোগী হতো। তাহলে কি মাছের ঘেরের সুবিধার জন্য এটি করা হচ্ছে—এ প্রশ্নেন জবাবে তিনি বলেন, ঠিক এভাবে বলা যাবে না।প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শরিফা খাতুন জানান, গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আগে করা উচিত। কিন্তু রাজনৈতিক চাপের কারণে তিনি কিছুই করতে পারছেন না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেসা বলেন, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, অভিযোগ সঠিক হলে প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।