কর্মসৃজনের শ্রমিক দিয়ে চেয়ারম্যানের পুকুর সংস্কার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে নিজের পুকুর সংস্কার করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক গত মঙ্গলবার বলেন, ‘আমি পাঁচ দিন হলো ওই পুকুরে মাটি কাটার কাজ করছি। সর্দার বা মেম্বার (ইউপি সদস্য) যেখানে বলে সেখানেই আমাদের কাজ করতে হয়।’ প্রকল্প সভাপতি ইউপি সদস্য আফজাল হোসেন জানান, সামান্য কিছু সময়ের জন্য পুকুরের মাটি কাটা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ জানান, কর্মসৃজনের শ্রমিক দিয়ে ব্যক্তিগত পুকুর সংস্কারের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে লোক পাঠানো হচ্ছে।
চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, ‘আমার পুকুরের পাশ দিয়ে স্থানীয় সরকারের একটি সড়ক আছে। ওই সড়কে মাটির প্রয়োজন হওয়ায় আমার পুকুর থেকে খানিকটা মাটি তুলে সেখানে দেওয়া হয়েছে।’
পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য সভা আহ্বান করে সর্বস্তরের জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে হবে। খাল খনন, বাঁধ ও রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা বা সেচনালা খনন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসহ জনগণের উপকারে আসবে এমন প্রকল্পে শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা। এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।