কর্মসৃজনের শ্রমিক দিয়ে চেয়ারম্যানের কাজ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে নিজস্ব জমিতে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউপির চেয়ারম্যান আকমল হোসেন কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে সরকারি কাজ না করে নিজস্ব জমিতে শুরু থেকেই কাজ করিয়ে নিচ্ছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার সরেজমিনে ইউনিয়নের মাগুড়াডাঙ্গায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে দেখা যায়, কর্মসৃজনের ৩ নম্বর ওয়ার্ডের ১২ জন তালিকাভুক্ত শ্রমিক চেয়ারম্যানের জমিতে নিড়ানির কাজ করছেন। এই দলের শ্রমিক ভানু খাতুন জানান, তাঁরা মাগুড়াডাঙ্গা কবরস্থান থেকে নজরুলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক। কিন্তু চেয়ারম্যান আকমল হোসেনের কথামতো এই জমিতে কাজ করছেন। কারণ, তাঁর কথামতো কাজ না করলে পারিশ্রমিক পাওয়া যাবে না। প্রকল্পের শ্রমিকদের দিয়ে নিজ জমিতে কাজ করিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শ্রমিক না পেয়ে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে তাঁর জমিতে শুধু এক দিনের জন্য নিড়ানির কাজ করানো হয়েছে। তবে তাঁদের কর্মসৃজনের তালিকা থেকে বাদ দেওয়া হবে। উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুস সোবাহান জানান, এ বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।