কর্মসৃজনের শ্রমিক দিয়ে চেয়ারম্যানের ধান কাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁর জমির ধান কাটার কাজে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব শ্রমিককে চেয়ারম্যান আংশিক মজুরি দিচ্ছেন। বাকি মজুরি কর্মসৃজন কর্মসূচি থেকে দেওয়ার কথা তিনি শ্রমিকদের জানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানের জমির ধান কেটেছেন কামারগাঁ গ্রামের দিনমজুর শ্রীকান্ত। তিনি জানান, তিনি কামারগাঁ ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক। জমির ধান কাটার জন্য ১৭৫ টাকার স্থলে চেয়ারম্যান তাঁদের দৈনিক ১০০ টাকা করে দিচ্ছেন। বাকি ৭৫ টাকা কর্মসৃজন কর্মসূচি থেকে চেয়ারম্যান তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। একই গ্রামের দিনমজুর মোমিন সরদার বলেন, ‘শ্রমিকের তালিকা থেকে নাম কেটে দিতে পারে—এ ভয়ে ধান কাটার কাজে গিয়েছিলাম।’ একই কথা জানান কামারগাঁয়ের দিনমজুর তারাপদ।কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামাণিক জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, কোনো শ্রমিক কর্মসৃজন কর্মসূচির, তা তিনি জানেন না। তিনি প্রত্যেক শ্রমিককে পারিশ্রমিক হিসেবে ১৫০ টাকা ও গাড়ি ভাড়া হিসেবে ২৫ টাকা দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে গত ৮ এপ্রিল থেকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়। এর আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের এক হাজার ৬২৬ জন অতিদরিদ্র নারী ও পুরুষ শ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা নিজ নিজ এলাকার ইউপি সদস্যদের অধীনে সরকারি রাস্তা সংস্কার, মাটি ভরাট, নালা পরিষ্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। পারিশ্রমিক হিসেবে প্রত্যেক শ্রমিক প্রতিদিন ১৭৫ টাকা করে পাবেন। নিয়মানুযায়ী সপ্তাহের শনি থেকে বুধবার পর্যন্ত শ্রমিকদের কার্যদিবস ধরা হয় এবং বৃহস্পতিবার একসঙ্গে পারিশ্রমিক দেওয়া হয়। এ ছাড়াও শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে তাঁদের কোনো কাজ হয় না। কিন্তু এই শ্রমিকদের দিয়ে ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন তাঁর নিজের জমির ধান কাটাচ্ছেন। তিনি তাঁর জমিতে গত শনিবার ২৮৩ জন শ্রমিককে ধান কাটার কাজে লাগান।কামারগাঁ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম বলেন, তাঁর ওয়ার্ডে ৭৮ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্য থেকে ইউপি চেয়ারম্যানের জমির ধান কাটার জন্য ১০ জনকে পাঠানো হয়েছে। বাকি শ্রমিকেরা কর্মসৃজন কর্মসূচির কাজ করেছেন। তাঁর কথা অনুযায়ী, বাকি ৬৮ জন শ্রমিকের ওই ইউনিয়নের পিয়াদাপাড়া মসজিদের বরান্দা মাটি দিয়ে ভরাটের কাজ করার কথা ছিল। সেখানে ১৫-২০ জন শ্রমিক কাজ করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়া উদ্দিন জানান, বিষয়টি তাঁর জানা নেই। তাঁর যে মাঠকর্মীরা আছেন, তাঁরা খোঁজ নিয়ে দেখবেন।