পদায়নের পরও কর্মস্থল থেকে চিকিৎসকদের চলে আসাকে স্বাস্থ্যব্যবস্থার বড় সমস্যা হিসেবে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকেরা রেলগাড়িতে চড়ে কর্মস্থলে যায়, আবার নৌকায় করে ফিরে আসে। অনেককে পরে আর খুঁজেও পাওয়া যায় না।’এর সমাধানে চিকিৎসকদের নিয়োগব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের ওপরও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নওগাঁর চিকিৎসক যাতে নওগাঁয় থাকতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। কেউ চাইলে অন্য এলাকায়ও যাতে যেতে পারেন, সেই ব্যবস্থাও রাখতে হবে।’গতকাল বুধবার ‘স্বাস্থ্যসেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক জেলা ও উপজেলা পর্যায়ের অভিজ্ঞতাভিত্তিক দিনব্যাপী এক পরামর্শ সভার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে নগরের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আগে দিনব্যাপী এক কর্মশালায় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে মন্ত্রীর সামনে সেসব উপস্থাপন করা হয়। সভায় উত্থাপিত প্রায় সব কটি সমস্যার সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী একমত পোষণ করেন। তিনি এ ক্ষেত্রে স্বাস্থ্য খাতে নজরদারি এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতার অভাবকে বেশি দায়ী করেন।স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসকের পদ নেই বলেই সেগুলো ভালো চলছে।’ তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থায় জনবলের স্বল্পতা আছে। প্রায় সাত হাজার পদ শূন্য। ক্ষমতা থেকে যাওয়ার আগে যেভাবেই হোক এই পদ পূরণ করে যাওয়ার আশ্বাস দেন তিনি।সভায় টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, দেশের ৪৫টি অঞ্চলে টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) সদস্যরা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় স্বাস্থ্যপ্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।সমাপনী অধিবেশনের বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্বাগত বক্তব্য দেন। সভায় দিনব্যাপী দলীয় আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান ও ফরিদপুর জেলার সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার।