কর্মস্থল ফেলে বনভোজনে ইউএনও এসি ল্যান্ড
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) গতকাল সোমবার একটি কলেজের বার্ষিক বনভোজনে অংশ নেওয়ার জন্য উপজেলার বাইরে চলে যান। দাপ্তরিক কাজ করতে এসে অনেকে ওই দুই কর্মকর্তাকে না পেয়ে ফিরে যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষাসফরে যায়। ইউএনও মু. খায়রুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম ওই শিক্ষাসফরের বাসবহরের সঙ্গে যান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোরসালিন মুঠোফোনে বলেন, ‘প্রায় পৌনে চার শ জনের একটি দল সাতটি বাস নিয়ে শিক্ষাসফরে এসেছি। সকাল আটটার আগে বোয়ালমারী ছেড়েছি। সফর শেষে বোয়ালমারীতে পৌঁছাতে রাত আটটা বেজে যাবে। আমাদের দলে অতিথি হিসেবে ইউএনও ও এসি ল্যান্ড রয়েছেন।’
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে নামপত্র জারি করার কাজে এসেছিলেন বাবুর বাজার এলাকার আবুল বাশার। একই এলাকা থেকে পর্চা করার কাজে এসেছিলেন মোজাফফর হোসেন। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘জমির সমস্যা নিয়ে এসেছিলাম। কিন্তু এসি ল্যান্ড না থাকায় কাজ হলো না।’
এ ব্যাপারে কথা বলার জন্য ইউএনও মু. খায়রুজ্জামানের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে ফোন ধরে সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম বলেন, ‘অফিসে না থাকলেও কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি। অফিসে কাজে এসে কারও ফিরে যাওয়ার কথা নয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ বলেন, ‘ইউএনও আমার কাছে এক দিনের ছুটির আবেদন করেছেন।