কর্মস্থলমুখী মানুষের ঢল বরিশাল নৌবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নৌবন্দরে গত মঙ্গল ও গতকাল বুধবার ছিল কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চগুলো ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে বন্দর ছেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হয়েছে গত রোববার। কিন্তু গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি শেষ হয় সোমবার। তাই রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। গতকালও বরিশাল নৌবন্দরে কর্মস্থলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এ রকম ভিড় আগামীকাল শুক্র ও পরশু শনিবার পর্যন্ত থাকতে পারে। তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বোঝাই হতে দেওয়া হচ্ছে না। গত মঙ্গলবার রাত আটটা থেকে লঞ্চগুলো বন্দর ছাড়তে বাধ্য করা হয়েছে। গতকাল আরও আগে ঘাট ছাড়তে বাধ্য করা হয়।

তবে সরেজমিনে দেখা গেছে উল্টো চিত্র। গত মঙ্গলবার বরিশাল নৌবন্দর থেকে ১৬টি বিলাসবহুল লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বন্দর ছেড়ে যায়। গতকাল সুন্দরবন, সুরভি, পারাবত, টিপু, কীর্তনখোলা, কালামখান, তাসরিফ, দ্বীপরাজ ও অ্যাডভেঞ্চার কোম্পানির ১৭টি বিলাসবহুল লঞ্চ যাত্রী পরিবহনের জন্য ছিল। এর সঙ্গে সরকারি জাহাজ ও গ্রিনলাইনের একটি ওয়াটার বাসও যাত্রী পরিবহন করে। গতকাল বিকেলের মধ্যে বিলাসবহুল লঞ্চগুলো যাত্রীতে বোঝাই হয়ে যায়। লঞ্চগুলোর কেবিনের সামনের বারান্দা, এমনকি লঞ্চের সমানের অংশও যাত্রীতে ঠাসা ছিল। বিআইডব্লিউটিসির জাহাজসহ বেসরকারি সব লঞ্চ ধারণক্ষমতার তিন থেকে চার গুণ যাত্রী নিয়ে বন্দর ছেড়ে যায়। গত মঙ্গলবার বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে যাওয়া সব লঞ্চ ঢাকায় যাত্রী নামিয়ে সঙ্গে সঙ্গে বরিশালে ফিরে আসে।

জানতে চাইলে বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যাত্রী ছিল। তবে সেটা কোনোভাবেই ঝুঁকিপূর্ণভাবে বোঝাই হতে দেওয়া হয়নি। যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় গত মঙ্গলবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে অনেক লঞ্চকে বন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়। গতকাল ভিড় আরও বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সমুদ্র পরিবহন কর্তৃপক্ষের বরিশাল কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকা-বরিশাল নৌপথে সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন লঞ্চে ১ হাজার ২০০ যাত্রী পরিবহন করা সম্ভব। কিন্তু দুই ঈদের সময় লঞ্চগুলো ৩ হাজার থেকে ৪ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে।

সার্ভে সনদ অনুযায়ী, সুরভি-৭-এর ধারণক্ষমতা ১ হাজার ২০৫ জন। একই ধারণক্ষমতা কীর্তনখোলা-২-এর। এরপর পারাবত-১১-এর ধারণক্ষমতা ১ হাজার ২৫ জন এবং সুন্দরবন-৮-এর ১ হাজার ২০ জন। বাকি লঞ্চগুলোর ধারণক্ষমতা ৭৫০ থেকে ৯০০ জন।

বেসরকারি লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সুন্দরবন লঞ্চের চেয়ারম্যান এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে। ডাবল ট্রিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরও চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে লঞ্চের লোড লাইন অতিক্রম করা হয়নি।