কর্মস্থলমুখী লঞ্চযাত্রীদের দুর্ভোগ
ঈদের ছুটি কাটিয়ে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকায় ফিরছে। গতকাল শুক্রবার ছুটির দিনেও লঞ্চে করে ফিরে আসে মানুষ। তবে লঞ্চের যাত্রীদের অভিযোগ, তাঁদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে। সদরঘাট টার্মিনাল এলাকায় যানবাহনের সংকটও ছিল।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ এসেছে ৮৪টি। তবে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে আসা সব লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
সকাল সাড়ে ১০টার দিকে সদরঘাট টার্মিনালে দেখা যায়, প্রধান ফটকের কাছে লঞ্চের যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা চলছে। লঞ্চের বেশির ভাগ যাত্রী যানবাহন না পেয়ে বাড়তি ভাড়ায় নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
হুলারহাট থেকে আসা এমভি মানিক লঞ্চের যাত্রী সোবহান মিয়া বলেন, ‘হুলারহাট থেকে ঢাকায় আসার পথে লঞ্চের ডাবল কেবিনের ভাড়া নিয়েছে ২ হাজার ৪০০ টাকা। ঈদের ২ দিন আগে ১ হাজার ৮০০ টাকায় একই গন্তব্যে গিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘পূর্বের ভাড়া ১ হাজার ৮০০ টাকা নেবে বিধায় লঞ্চের লোকজনের সাথে রফাদফা না করেই কেবিনে উঠে পড়ি। কিন্তু মাঝপথে এসে লঞ্চের লোকজন কেবিনের ভাড়া ৩ হাজার টাকা দাবি করেন।’
আমতলী থেকে আসা জাহিদ লঞ্চের যাত্রী রহিমা বেগম বলেন, ‘রোববার বিকেলে আমতলী টার্মিনাল থেকে লঞ্চে ওঠার সময় লঞ্চের লোকজন ২৫০ টাকা করে ডেকের ভাড়া চেয়েছিলেন। কিন্তু টার্মিনাল ছেড়ে মাঝপথে আসার পর লঞ্চের কর্মচারীরা ভাড়া ৩০০ টাকা দাবি করেন। ঝামেলা এড়াতে ৩০০ টাকা দিয়েই এসেছি।’
অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সদস্য ও মানিক লঞ্চের মালিক মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ সঠিক নয়। বরং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে। অনেক যাত্রী নির্ধারিত ভাড়াও দেন না।
ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ফিরতি লঞ্চের যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা তৎপর আছেন।
নৌ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ফিরতি লঞ্চের যাত্রীদের সেবা নিশ্চিত করা এবং হয়রানি রোধে নৌ পুলিশ টার্মিনাল এলাকায় তৎপর রয়েছে।