কর্মস্থলে অনিয়মিত, ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান বেশির ভাগ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের গত বছরের ৮ ডিসেম্বর এ উপজেলায় যোগ দেন। এরপর থেকেই তিনি প্রতি মাসে মাত্র তিন থেকে চার দিন কর্মস্থলে উপস্থিত থাকেন। কর্মস্থলে তাঁর অনুপস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের সরকারি অংশের বেতন-ভাতা প্রাপ্তির লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নথিপত্র পাঠানো, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ করা, শিক্ষাভিত্তিক বিভিন্ন প্রকল্প তদারকি, উপবৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘দাপ্তরিক কাজে প্রতি মাসেই আমাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যেতে হয়। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। এ কারণে আমাদের বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিঘ্নিত হয়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক বলেন, ‘স্যার (আবু তাহের) নিয়মিত কর্মস্থলে না থাকায় দাপ্তরিক কার্যক্রম চালাতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন।’
সরেজমিনে গত সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি ও গত শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। তাঁর কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।
শনিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তাহের বলেন, ‘আমি বৃহস্পতিবার ঢাকায় একটি সেমিনারে অংশ নিয়েছিলাম। কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছি। রোববার অফিস করব।’ তিনি আরও বলেন, ‘আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকি। কিন্তু আমাকে বিপাকে ফেলার জন্য একটি চক্র এ ধরনের প্রচারণা চালাচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আমি উপস্থিত থাকতে দেখেছি বলে মনে হচ্ছে না। তিনি প্রতি মাসে মাত্র তিন থেকে চার দিন কর্মস্থলে উপস্থিত থাকেন।’
ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (আবু তাহের) এ উপজেলায় যোগদানের পর থেকে মাসের বেশির ভাগ সময়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তাঁকে একাধিকবার সতর্ক করেও কোনো কাজ হয়নি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।’