কর্মস্থলে অনুপস্থিত, সিরাজগঞ্জে ২৫ চিকিৎসককে কারণ দর্শাও
সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কর্তব্যরত চিকিৎসকরা প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ উঠেছে। গত দুই মাসে এই অভিযোগে ২৫ চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে। এদের বেশির ভাগই নতুন নিয়োগপ্রাপ্ত (এডহক) চিকিৎসক।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলোয় নিয়োগপ্রাপ্তির পর থেকেই অধিকাংশই চিকিৎসক দায়িত্ব পালন করছেন না। সবাই সমঝোতার ভিত্তিতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন। চিকিৎসকেরা একদিন দায়িত্ব পালন করার পর বিনা অনুমতিতে মাসের পর মাস অনুপস্থিত থাকছেন। এ সময় অনেকেই শহরে প্রাইভেট প্র্যাকটিস করছেন। আবার অনেকেই দলীয় নেতাদের দাপট দেখিয়ে সারা মাসের হাজিরা খাতায় একদিনেই স্বাক্ষর করে আসছেন।এসব বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার পর সিরাজগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাক আলম বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও উপকেন্দ্র পরিদর্শনে অনেক চিকিৎসককে পাননি। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় গত ৮ মার্চ তিনি চারজন চিকিৎসককে অনুপস্থিত পান। এই চারজন হলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাছিমা বেগম, চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান, সুব্রত সাহা ও নাজিয়া ইসলামকে তাৎক্ষণিক কৈফিয়ত তলব করার নির্দেশ দেওয়া হয়।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত রোববার নয়জন চিকিৎসকের মধ্যে তিনজনকে অনুপস্থিত দেখা যায়। এর মধ্যে অনুপস্থিত থাকা ডা. ইকবাল বেশির ভাগ সময় ঢাকায় থাকেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাশিদা খাতুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শাহজাদপুরেই প্রাইভেট প্র্যাকটিস করে আসছেন। এখানে আটটি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে নতুনভাবে এডহক চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব স্থানে কোনো চিকিৎসক যানই না বলে অভিযোগ উঠেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, অনেক চিকিৎসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদবির করে দায়িত্ব পালন করছেন। অনেকেই ছুটিজনিত কারণেও অনুপস্থিত থাকেন। একটি সূত্র জানায়, সিভিল সার্জন গত ১২ ফেব্রুয়ারি হঠাৎ কামারখন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক উদয় নারায়ণ মোহন্ত অনুপস্থিত থাকায় তাঁকে কৈফিয়ত তলবের নির্দেশ দেন। বাকি আটজন চিকিৎসকের মধ্যে মাত্র দুজন চিকিৎসক উপস্থিত ছিলেন। উল্লাপাড়া পূর্ণিমাগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ জন চিকিৎসকের মধ্যে পাঁচজন অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়। এ ছাড়াও চৌহালী, উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রের আরও আটজন চিকিৎসককে কৈফিয়ত তলব করা হয়েছে। এরই মধ্যে প্রায় অর্ধেক চিকিৎসক পত্রের জবাব দিয়ে মুচলেকা দিয়েছেন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মুসা মুহাম্মদ হুজায়ফা বলেন, অবকাঠামো ও বসার ব্যবস্থা না থাকায় চিকিৎসকেরা দায়িত্ব পালন করতে পারছেন না। একজন চিকিৎসকের সুবিধা-অসুবিধাগুলোও দেখতে হবে। বিষয়গুলো সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনায় আনা উচিত।কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফিরোজ হোসেন (কোড নম্বর ৩১৫৩৭) ২০০৩ সালের ৮ আগস্ট থেকে (প্রায় আট বছর) তাঁর কর্মস্থলে অনুপস্থিত আছেন। এই পদটি শূন্য না হওয়ায় এই পদে কোনো চিকিৎসককে নিয়োগ বা বদলি করা সম্ভব হচ্ছে না।ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুর রাজ্জাক আলম জানানসার্বিক বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রাম পর্যায়ে সঠিকভাবে চিকিসকদের দায়িত্ব পালন করার জন্য কঠোর নজরদারি করা হচ্ছে।অপরদিকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সিরাজগঞ্জ সদর হাসপাতালে যোগদান করার পর থেকে পাঁচ বছর অনুপস্থিত থাকার কারণে এই পদ শূন্য হচ্ছে না। ২০০৬ সালের ১৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের এক পত্রে সিরাজগঞ্জ হাসপাতালের আবদুল্লাহেল কাফিকে (কোড নম্বর ১১২৪৩১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই বছরের ১৭ অক্টোবর মির্জা তাইয়েবুল ইসলামকে (কোড নম্বর ১১২৫৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে প্রেষণে বদলি করা হয়। এর দুই মাস পর মনগড়া সংশোধনী পত্রে ডা. কাফীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের পরিবর্তে সদর উপজেলার কয়েলগাতী গ্রামের স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা পদে এবং ডা. তায়েবুল ইসলামকে কাজিপুর উপজেলার গান্ধাইল স্বাস্থ্য উপকেন্দ্র উল্লেখ করা হয়। এর ফলে এই দুটি স্থান চিকিৎসক শূন্য হয়ে পড়ায় একদিকে এলাকাবাসীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে এই পদ শূন্য না হওয়ায় অন্য চিকিৎসকদের নিয়োগ অথবা বদলি করাও সম্ভব হচ্ছে না।