কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাত চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ
কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ও চলতি মার্চ মাসের বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারও কৈফিয়ত তলব করা হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রিফাত আরা শারমিন, নির্মল চন্দ্র মাহাতো, সৈয়দা সোনিয়া ইসলাম, অপু সাহা, শাক্কিল সাপ্তি, ইমরান হোসেন ও সাহেদ খান—এই সাতজন চিকিৎসককে অনুপস্থিত দেখেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে সিভিল সার্জন ফিরে আসেন এবং ওই সাতজনের মার্চ মাসের বেতন বন্ধসহ কারণ দর্শানোর নোটিশ ও স্বাস্থ্য কর্মকর্তারও কৈফিয়ত তলব করে চিঠি পাঠান।
এ বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘সাত চিকিৎসককে ১০ কর্মদিবসের মধ্যে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। ইতিমধ্যে ওই সাত চিকিৎসকের বেতন বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর পত্রও পাঠানো হয়েছে।’