কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসক বরখাস্ত
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকার চারজন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী চিকিৎসকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হচ্ছেন: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা খাজা আবদুল বাসেদ আমিনুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নূপুর কান্তি দাস, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রিংকু বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কাদের। তাঁদের ২২ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়।এ ছাড়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য তাঁর বেতন স্কেল একধাপ নামিয়ে দেওয়া ও আর্থিক জরিমানা করা হয়েছে।তবে ঠাকুরগাঁও সদর উপজেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রেজা হাবিবের বিরুদ্ধে অসদাচরণ ও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।