কর্মজীবনে দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শিক্ষার্থী থাকাকালেই ব্যাপক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে করপোরেট জগতে সফলতার জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ও শরীরী ভাষার ওপর গুরুত্বারোপ করা সবচেয়ে বেশি জরুরি। কর্মস্থলে সব সময় ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। অধিক উৎপাদনশীলতার অন্যতম একটি ধাপ হলো, সময়জ্ঞান সম্পর্কে সচেতন থাকা।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শুরু হওয়া দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) এবং নিউজিল্যান্ডের ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট একাডেমির (ডব্লিউএসডিএ) যৌথ ব্যবস্থাপনায় এ কর্মশালা হয়। এ আয়োজনে ট্রাস্ট ব্যাংক, প্রথম আলো, আইডিএলসি, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করেছে।
কর্মশালায় এআইবিএর ১৪৮ জন শিক্ষার্থীসহ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত তরুণ পেশাজীবীরা অংশ নেন। বেলা পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এআইবিএর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন এআইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল ইসলাম। বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক বলেন, শিক্ষার্থী ও করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডব্লিউএসডিএর ভাইস প্রেসিডেন্ট আহমদ ওয়াসিমূল বারী, গ্রেইলিন হিউজ, জান্নাতুন ঈশিতা ও টেরি হিউজ। তাঁরা চারটি সেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও উৎকর্ষ সাধনে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সবশেষে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার শেষ হয়। কর্মশালায় প্রথম আলো ডিজিটাল-এর আওতাধীন ‘চাকরি ডট কম’-এর একটি স্টল ছিল।