কর্মস্থলে না থাকলে চাকরি হারাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির শর্তানুযায়ী চিকিৎসকদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে এবং সেবার মানসিকতা নিয়ে চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। তিনি ‘ফন্দিবাজ’ চিকিৎসকদের আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই চিকিৎসকেরা যদি চাকরির শর্ত অনুযায়ী কর্মস্থলে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবস্থান না করেন, তবে তাঁদের চাকরি হারাতে হতে পারে৷
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন৷ খবর বাসস ও ইউএনবির৷
প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, কর্মস্থলে নির্দিষ্ট সময় উপস্থিত না থাকলে আপনাদের চাকরি স্থায়ী হবে না, পদোন্নতিও পাবেন না। তিনি বলেন, ‘মনে রাখতে হবে যে আপনাদের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় এবং এই অর্থ কৃষক ও খেটে খাওয়া মানুষের দেওয়া কর (ট্যাক্স) থেকে আসে। এ জন্য আপনাদের কর্মস্থলে থেকে অবশ্যই জনগণের সেবা দিতে হবে।’ তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্যসচিব এম এন নিয়াজউদ্দিনও অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ‘দুইয়ের অধিক নয়, একটিই ভালো’ স্লোগানের সঙ্গে দ্বিমত পোষণ করে দুটি করে সন্তানের পক্ষে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘অনেকে দেশের জনসংখ্যাকে বোঝা মনে করেন। কিন্তু আমার কাছে এই জনসংখ্যা বোঝা নয়। বরং এদের যথাযথ শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া গেলে তাদের বিরাট সম্পদে পরিণত করা যায়।’ তিনি বলেন, ‘যেসব দেশে এই স্লোগান অনুসরণ করে, সেসব দেশে বয়স্কদের দেশে পরিণত হয়েছে।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে দেশের প্রতিটি বিভাগে একটি করে চিকিৎসা বিশ্ববিদ্যালয় স্থাপন করবে৷ দেশে বর্তমানে ঢাকায় একটিমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয় রয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে স্থাপিত হয়।
শিশু হাসপাতালের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি বিভাগে একটি করে পৃথক শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে৷ এরই অংশ হিসেবে রাজশাহী, সিলেট ও বরিশালে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে৷ প্রতিটি বিভাগীয় ও জেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন৷