কর্মস্থলে না থাকলে চিকিৎসকদের বেতন ও পদোন্নতি বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মস্থলে অনুপস্থিত থেকে জনগণকে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা চিকিৎসকদের বেতন ও পদোন্নতি বন্ধ করে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাচিপের সভাপতি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একশ্রেণীর চিকিৎসকের কর্মস্থলে বারবার অনুপস্থিতির ফলে রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। শেখ হাসিনা বলেন, সরকার নবনিযুক্ত চিকিৎসকদের তাঁদের নিজ নিজ জেলায় পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাঁরা তাঁদের এলাকার জনগণকে স্বাস্থ্যসেবা দিতে এবং পরিবার-পরিজনের কাছাকাছি থাকতে পারেন। তিনি জনগণের সেবকের মনোভাব নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার চিকিৎসাবিজ্ঞানে আরও উচ্চতর পড়াশোনার সুবিধার্থে ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।অনুষ্ঠানে স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া এবং স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বক্তব্য দেন।