কর্মস্থলে নিরাপত্তার দাবি সিঅ্যান্ডএফ কর্মীদের
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আমদানিকারকদের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর (সিঅ্যান্ডএফ এজেন্টস) কর্মীরা। গতকাল সোমবার বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানায় সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন।
বন্দর সূত্র জানায়, স্মারকলিপি দেওয়ার সময় বন্দরের ৪ নম্বর ফটকের সামনে কয়েক শ সিঅ্যান্ডএফ কর্মী জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ৪ নম্বর ফটক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৭ এপ্রিল দিনদুপুরে বন্দরের সংরক্ষিত এলাকায় পণ্য খালাসে আসা একজন সিঅ্যান্ডএফ কর্মীকে কনটেইনারের ভেতর আটকে রেখে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে কনটেইনারে আটকে রেখে বাইরে থেকে এর দরজা বন্ধ করে দেওয়া হয়।
সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো. খায়রুল বাশার বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় এখন প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে সিঅ্যান্ডএফ কর্মীদের কাজ করতে হচ্ছে।