কর্মস্থলে নয়, লাশ হয়ে ফিরলেন বাড়িতে
ঈদের ছুটিতে বাড়িতে এসে কর্মস্থলে ফেরা হলো না পোশাককর্মী সুমন চন্দ্রসহ একই পরিবারের তিন সদস্যের। সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলো তাঁদের। গতকাল রোববার সকালে লাশবাহী গাড়ি নিহতদের বাড়িতে পৌঁছালে হাজারো মানুষের ঢল নামে।
নিহতরা হলেন কুড়িগ্রাম রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির দাসপাড়া এলাকার সুমন চন্দ্র মহন্ত (৩৫), তাঁর স্ত্রী মিনিত্রা রাণী (৩০) ও তাঁদের ভাগিনা আনন্দ রায় (৯)।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে ১২ সেপ্টেম্বর বাড়িতে আসেন সুমন ও মিনিত্রা রানী। ছুটি শেষে গত শুক্রবার রাতে বাসে করে তাঁরা কর্মস্থল গাজীপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ট্রাকের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন, মিনিত্রা ও ভাগিনা আনন্দ গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনই মারা যান। তাঁদের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গতকাল রোববার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষ। সবার চোখেমুখে শোকের ছায়া। বাবা সুমন ও মা মিনিত্রাকে হারিয়ে অবুঝ দুই শিশু ঝর্ণা রানী (১২) ও মৃণাল কান্তি (৭) দিশেহারা হয়ে পড়েছে। বারবার চিৎকার করে বিলাপ করছে, ‘হামার বাপ মাওক আনি দাও। এ্যালা হামাক কাউ দেখপে।’
সুমনের বাবা প্রসাদ চন্দ্র বলেন, ‘এই এতিম সন্তান দুটিকে নিয়ে আমি কী করব? নিজে খাবার পাই না। এমাক কেমন করি পুষপ?’
দুপুরে শ্মশানে উভয়ের লাশ সৎকার করা হয়।