কর্মস্থলে ফিরতে পদে পদে দুর্ভোগ
ঈদ ও পূজা উদ্যাপন করতে আসা লোকজন ঢাকায় ফিরে যেতে রংপুরের বাস ও ট্রেনের কাউন্টার থেকে কোনো টিকিট পাচ্ছেন না। ফলে কর্মস্থলে ফিরতে গিয়ে মানুষ পদে পদে দুর্ভোগে পড়েছেন। তবে কালোবাজারে বাস-ট্রেনের টিকিট মিলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
গতকাল রোববার রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে দেখা যায়, প্রতিটি কাউন্টারের সামনে টিকিট পেতে ক্রেতাদের ভিড়। এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে হন্য হয়ে ঘুরছেন তাঁরা। কাউন্টারগুলোতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে, কোনো টিকিট নেই।
টিকিট সংগ্রহ করতে আসা লোকজনের অভিযোগ, বাস কাউন্টার থেকে টিকিট নেই বললেও কতিপয় দালালের কাছ থেকে গোপনে টিকিট মিলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত একটি গাড়ির দুই হাজার ৪০০ টাকার তিনটি টিকিট দ্বিগুণ দরে চার হাজার ৮০০ টাকায় কিনতে হয়েছে। এমন অভিযোগ করলেন আরও অনেকে।
এ ব্যাপারে হানিফ কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ বাপ্পী জানান, ঈদের সময় ঢাকা থেকে গাড়িগুলো যাত্রী ছাড়াই আসে। তাই টিকিটের দাম সব গাড়ির বাড়ানো হয়েছে। এ ছাড়াও ঈদ করতে আসেন আগের থেকে অনেক বেশি মানুষ। কিন্তু সে অনুযায়ী বাসের টিকিট আর কতটি?
রংপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে। প্রতিদিন ৯৭টি টিকিট রংপুর স্টেশনের জন্য বরাদ্দ থাকলেও এখানেও কোনো টিকিট মিলছে না বলে অনেকে অভিযোগ করেন।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সোলেমান আলী জানান, ‘ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি। এরপর এক দালালের মাধ্যমে বেশি দামে আগামীকালের (সোমবার) তিনটি টিকিট মিলেছে।’
রেলওয়ে স্টেশনের স্টেশন তত্ত্বাবধায়ক আকবর হোসেন জানান, ঈদের আগে ও পরে লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছে। রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে কোনো অনিয়ম করা হয়নি।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে দেখা যায়, লোকজন ঢাকা যেতে অপেক্ষা করছেন। টিকিট না পাওয়া যাত্রীরা বাস এলেই হুমড়ি খেয়ে পড়ছেন। ভাড়াও আদায় করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। এ সময় কথা হয় ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুল লতিফের সঙ্গে। তিনি জানান, অন্য সময় ২৫০-৩০০ টাকায় ঢাকার গাবতলী যেতে পারলেও আজ ভাড়া চাচ্ছে ৪০০-৪৫০ টাকা। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে যেতে হবে।
আশুলিয়ার এক পোশাক কারখানায় কর্মরত সেলিনা খাতুন জানান, প্রত্যেক বছরই ঈদের সময় যাওয়া-আসা নিয়ে ঝামেলায় পড়তে হয়। তবে বেলা একটার দিকে হুদহুদের প্রভাবে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় আরও বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে।
বেলা দুইটায় উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ডে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছেন। এ সময় আবদুল হাকিম নামের এক যাত্রী বলেন, ‘বাস যেখানে থামে ছাউনি তা থেকে অনেক দূরে। এ কারণে ভিড়ের কথা ভেবে বাসে ওঠার জন্য বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ বেশি হচ্ছে।