কর্মস্থলে ফিরতে বরিশাল বন্দরে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর বরিশাল নৌবন্দরে কর্মস্থলমুখী যাত্রীদের এখন উপচে পড়া ভিড়। লঞ্চগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার পথে ছেড়ে যাচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই বন্দর ছাড়তে বাধ্য হচ্ছে।
গত শুক্রবার বন্দরে কর্মস্থলমুখী যাত্রীদের খুব চাপ ছিল। যে যেভাবে পেরেছেন লঞ্চে উঠেছেন। ধারণক্ষমতার বেশি যাত্রী বোঝাই হয়ে যাওয়ায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বেশির ভাগ লঞ্চকে বন্দর ছাড়তে বাধ্য করে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বেলা তিনটা থেকে বন্দরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার মধ্যে ১৭টি বিলাসবহুল লঞ্চ, বিআইডব্লিউটিসির দুটি জাহাজে যাত্রী বোঝাই হয়ে যায়। তিনটি পন্টুন ছিল যাত্রীতে ঠাসা। লঞ্চগুলোর কেবিনের সামনের বারান্দা, ছাদ এমনকি সমানের অংশেও ছিল যাত্রীদের ভিড়। পা ফেলার জায়গা পর্যন্ত নেই। বিআইডব্লিউটিসির জাহাজসহ বেসরকারি সব লঞ্চ ধারণক্ষমতার তিন থেকে চার গুণ যাত্রী নিয়ে বন্দর ছেড়েছে। বন্দরে গতকাল শনিবার বিকেলেও একই রকম চিত্র দেখা গেছে।
এদিকে যাত্রীদের চাপ সামাল দিতে গত বৃহস্পতিবার বন্দর ছেড়ে যাওয়া সব লঞ্চ ঢাকায় যাত্রী নামিয়ে বরিশালে ফিরে আসে। এসব লঞ্চ আবার শুক্রবার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
লঞ্চযাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘কষ্ট-ভোগান্তি আছে, তারপরও ঈদে স্বজনদের সঙ্গে থাকার আনন্দই আলাদা। আনন্দ শেষে ঝক্কি থাকলেও কর্মস্থলে তো ফিরতেই হবে। এক দিন আগে ফিরতে গিয়েও লাভ হয়নি। কোনো লঞ্চে দাঁড়ানোর জায়গাও নেই। কোনোমতে উঠে পড়েছি। রোববার (আজ) অফিসে যোগ দিতে হবে।’
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে লঞ্চগুলোকে বন্দর ছাড়তে বাধ্য করা হয়েছে। গতকাল শনিবারও অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। সুন্দরবন নেভিগেশন, সুরভী, পারাবত, কীর্তনখোলা, কালামখান, দ্বীপরাজ, নেভিগেশনসহ ১৭টি বিলাসবহুল লঞ্চ বন্দর থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া বিআইডাব্লিউটিসির দুটি জাহাজ যাত্রী নিয়ে বন্দর ছেড়েছে। স্বাভাবিকের চেয়ে যাত্রী বেশি থাকলেও লঞ্চ বোঝাই হওয়ার চিহ্ন (লোড লাইন) অতিক্রম করতে দেওয়া হয়নি।
বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘সার্বিকভাবে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই হয়েছে, সেগুলোকে দ্রুত ঘাট ছাড়তে বাধ্য করা হয়েছে।’
বেসরকারি লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে। ঈদের ছুটির পর গত শুক্রবার এবং গতকাল শনিবার যাত্রীর চাপ বেশি ছিল।