কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফেরা শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। অতিরিক্ত যাত্রী হয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে তারা। উঠছে লঞ্চ ও বাসের ছাদে। গত শনিবার ও গতকাল রোববার বরিশাল লঞ্চঘাট ও নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী বাসগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা করছে। অনেক যাত্রী ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে উঠছে বাসের ছাদে। ঈগল, হানিফ, দ্রুতি, সাকুরা ও সুরভী পরিবহনে ২৩ নভেম্বর পর্যন্ত কোনো টিকিট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুরভী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. কামাল চৌধুরী বলেন, ‘আমাদের আগামী ২৩ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই।’ ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের এই চাপ ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে বলে জানান তিনি। বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব হোসেন বলেন, ‘আমাদের অনেক গাড়ির ব্যবস্থা করা আছে। ফেরির সংকটের কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।’গতকাল দুপুরের পর থেকে বরিশাল লঞ্চঘাটে ভিড় বাড়তে থাকে। নিয়মিত সার্ভিসের পাশাপাশি অতিরিক্ত লঞ্চ থাকার পরও যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খায় মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দুপুর ১২টায় ডেকে জায়গা পাওয়ার জন্য এসেছিলেন বিপ্লব হালদার, জসিমউদ্দিন, বিউটি বেগম, মাহমুদা খাতুন, রিপন বিশ্বাস, শহীদুল ইসলাম ও মাহমুদা নাসরিন। তাঁরা জানান, ছুটি শেষে যেকোনো মূল্যে তাঁদের ঢাকা পৌঁছাতে হবে। পরে এলে যদি জায়গা না পান, তাই দুপুর থেকেই লঞ্চে চড়ে বসেছেন।বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর ও পরিবহন কর্মকর্তা কাজি ওয়াকিল নওয়াজ প্রথম আলোকে বলেন, হরতালের গুজবে শনি ও রোববার যাত্রীদের ভিড় অনেক বেশি ছিল। ২৩ নভেম্বরের আগে চাপ কমার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিসির অতিরিক্ত জাহাজ থাকলে যাত্রীদের চাপ সামাল দেওয়া সম্ভব হতো।