কর্মহীন মানুষের ঘরে হোসেন-এ রব পাঠাগারের খাদ্যসহায়তা
‘কাজ নেই তো ঘরে রান্না নেই’—সমাজে এমন দরিদ্র পরিবারের সংখ্যা অনেক। চলমান করোনা–দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যাও কম নেই। বর্তমানে এই কর্মহীন হতদরিদ্র পরিবারের মানুষেরা খেয়ে, না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরচেঙ্গায় খুঁজে খুঁজে এমন অসহায় পরিবারের মধ্যে গত সোমবার (২২ জুন) ত্রাণ বিতরণ করেছে হোসেন-এ রব পাঠাগার ইয়ুথ টিম।
আয়োজকেরা জানিয়েছেন, হতদরিদ্র ৩০টি পরিবারের মধ্যে বিপন্ন সময়ে উপহার হিসেবে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল এবং এক লিটার তেলের একটা প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।

হোসেন-এ রব পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, ‘করোনা মহামারিতে হোসেন-এ রব পাঠাগারের পক্ষ থেকে সামান্য ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষ যদি উপকৃত হয়, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’ তিনি বলেন, ‘আগামী দিনেও আমরা শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ।’