কর্মী আটক, প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের কালিয়াকৈর, নরসিংদীর মনোহরদী, কিশোরগঞ্জের কটিয়াদী, টাঙ্গাইলের মির্জাপুর ও রাজশাহীর আড়ানীতে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ: কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত গত রোববার তিন প্রচারকর্মীকে আটক করেছেন। পরে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানান, মেয়র পদপ্রার্থী মজিবুর রহমানের প্যান্ডেল তৈরি করায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ৫০০ টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে গাড়িতে পোস্টার লাগানোয় মেয়র পদপ্রার্থী সিকদার মোশারফের কর্মী আবুল কালামকে পাঁচ হাজার এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী জালাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদী: মনোহরদী পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল খালেককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যক্ষ সূত্র জানায়, নির্ধারিত আয়তনের চেয়ে বড় আকারের পোস্টার ও ব্যানার প্রদর্শন করায় ওই প্রার্থীকে জরিমানা করা হয়। প্রার্থী আবদুল খালেক বলেন, ‘এরপর আমার নির্বাচনী কাজে আর আচরণবিধি লঙ্ঘন হবে না।’কটিয়াদী: কটিয়াদীতে গত শনিবার রাতে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (হরিণ মার্কা) ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে (মোরগ মার্কা) দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাসেম বলেন, নির্বাচনী প্রচারণায় দুটি মাইক ব্যবহার করায় তাঁদের জরিমানা করা হয়। মির্জাপুর: নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ও ফেস্টুন করায় মির্জাপুরের তিন মেয়র পদপ্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার এ জরিমানা করা হয়। জানা গেছে, তিন মেয়র পদপ্রার্থী হচ্ছেন মোশারফ হোসেন, শহীদুর রহমান ও সাহাদত হোসেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান ইউসুফ জানান, প্রার্থীরা জরিমানার টাকা পরিশোধ করেছেন। রাজশাহী: আড়ানী পৌরসভার মেয়র পদপ্রার্থী তোজাম্মেল হকের সমর্থক আখের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার শাহাপুর মহল্লার বাসিন্দা আখের আলী গত শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় আওয়ামী লীগের সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমানের সমর্থকেরা রাতের অন্ধকারে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে তাঁকে মারধর করে পুলিশে দেয়। তবে আখের আলী টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মোটরসাইকেল নষ্ট হওয়ায় তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।