কর্মী-গ্রাহককে বের করে দিয়ে কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জনকল্যাণ সংস্থা (জকস) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) চারটি শাখায় গতকাল রোববার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটির অন্য ১১টি শাখা থেকে কর্মী ও গ্রাহকদের বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। কয়েকজন কর্মকর্তার দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। জকসের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম জানান, আর্থিক অনিয়ম ও সংস্থার নীতিমালা ভঙ্গের অভিযোগে শনিবার প্রকল্প সমন্বয়কারী কমল কুমার সেন ও সদর শাখার ব্যবস্থাপক আহসানুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি অভিযোগ করেন, ওই দুই কর্মকর্তাই তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান অভিযোগ করেন, সকাল সাড়ে সাতটার দিকে কার্যালয় খোলার কিছুক্ষণ পর হঠাৎ করে চার থেকে পাঁচজন ব্যক্তি ঢুকে পড়েন। তারা নানা ভয়ভীতি দেখিয়ে সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহককে বের করে দেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান। আলমডাঙ্গা উপজেলার আসমানখালী, দামুড়হুদার দর্শনা ও জীবননগরের আন্দুলবাড়িয়া শাখায়ও একই ভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, অন্য ১১টি শাখায়ও ভয়ভীতি দেখিয়ে সবাইকে বের করে দেওয়া হয়। তবে পরে কর্মীরা নিজেরাই ভেতর থেকে দরজা লাগিয়ে দাপ্তরিক কাজ সারেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জুনের শুরুতে সংস্থার অর্থ ব্যবস্থাপক এমদাদুল হক ও প্রকল্প সমন্বয়কারী কমল কুমারের নেতৃত্বে কর্মীদের একাংশ নির্বাহী পরিচালক নূরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁরা জোর করে নির্বাহী পরিচালকের কাছ থেকে দায়িত্ব হস্তান্তরের কাগজপত্রে সই করিয়ে নেন। এরপর এমদাদুল ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।পরে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ারদারের মধ্যস্থতায় ২২ জুলাই নূরুল ইসলাম স্বপদে ফিরে আসেন। দায়িত্ব নেওয়ার পর সংস্থার ৪২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে।কমল কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের দুজনকে নিয়মবহির্ভূতভাবে বরখাস্ত করায় সংস্থার সাধারণ কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো শাখায় স্বাভাবিক কাজ করতে দেওয়া হবে না।