জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাষ্ট্রপতি
কর্মী নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির ব্যাপারে অনিয়ম বরদাশত করা হবে না
রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কর্মী নিয়োগ ও শিক্ষার্থী ভর্তির ব্যাপারে অনিয়মকে প্রশ্রয় না দিয়ে কড়াকড়িভাবে নিয়ম অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো অনিয়ম বরদাশত করা হবে না।গতকাল বুধবার বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তাঁরা অতীতে বিশ্ববিদ্যালয়ে কর্তব্যে অবহেলার বিষয়ে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। খবর ইউএনবির।উপাচার্য কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির কাছে তিনি বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ও এর আওতাধীন বিভিন্ন কলেজে অনিয়মের ব্যাপারে একটি বিশদ প্রতিবেদন হস্তান্তর করেন। রাষ্ট্রপতিকে প্রতিনিধিদলটি জানায়, বিগত সরকারের আমলে অনিয়মের মাধ্যমে এক হাজার ২০০ কর্মী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, কোনো অনিয়ম বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দোষী ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।