কর্মী পাঠাতে লিবিয়ার সঙ্গে সমঝোতা চুক্তির আলোচনা
লিবিয়ায় ব্যাপক উন্নয়নকাজ শুরু হওয়ায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে ইতিমধ্যে কর্মীরা যেতে শুরু করেছেন। আরও কর্মীর চাহিদা আছে। তবে বিভিন্ন সময় লিবিয়া হয়ে ইউরোপ যেতে অনেকেই প্রতারিত হচ্ছেন। তাই এখন কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছে।
আজ রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহমাহ এম আর ইয়াহি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে দুজনের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানব পাচারের প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় যেতে ২০১৫ সালে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপরও অবৈধভাবে অনেকেই লিবিয়ায় যাওয়া অব্যাহত রাখেন। ১১ ফেব্রুয়ারি লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আজ বৈঠকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাহমাহ এম আর ইয়াহি।
এম আর ইয়াহি বলেন, লিবিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বর্তমান লিবিয়া সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। লিবিয়ার অর্থনীতির চাকা সচল করতে বাংলাদেশের কর্মীরা ফলপ্রসূ ভূমিকা রাখবেন। লিবিয়া সরকার বিদেশি কর্মীদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।