কর্মী বিদেশে পাঠানোর আগে বিমা কোম্পানি গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর আগে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বিমা কোম্পানি গঠনের সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য মাহজাবীন মোর্শেদ সাংবাদিকদের বলেন, শ্রমিকেরা বিদেশে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হন। প্রাণহানির ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার পর ওই শ্রমিকের পরিবার বিপদে পড়ে যায়। এ জন্য কমিটি বিমা কোম্পানি গঠনের সুপারিশ করেছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, কমিটির গত বৈঠকে অভিবাসী শ্রমিকদের বিমার বিষয়টি আলোচনায় আসে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে গতকাল কমিটির বৈঠকে এই সুপারিশ এল।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জনশক্তি রপ্তানির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে সম্পাদিত জি টু জি প্লাস চুক্তি নিয়ে আলোচনা করা হয়। কমিটি চুক্তির শর্ত অনুযায়ী শিগগিরই শ্রমিকেরা যাতে মালয়েশিয়ায় যেতে পারেন, তার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, ইসরাফিল আলম, আয়েন উদ্দিন, মাহজাবীন মোর্শেদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।