কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতিবাজ ছেলের জন্য দেশের মানুষকে জিম্মি করে ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছেন। এই হরতাল নিজের ছেলেকে রক্ষা করার জন্য।’ গতকাল শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্থানীয় পাবলিক হল মিলনায়তনে ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ করা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির নগদ টাকা বিতরণকালে উপস্থিত জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, ‘কর্মী মোটাতাজা করার কাজ আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ সব সময় সত্য কথা বলে, মিথ্যার ধার ধারে না।’ তিনি বলেন, ‘সড়ক দিয়া হাঁটলে উষ্টা খেতে হয় না, ডাল দিয়ে ভাত খেলে গলায় কাটা বিদে না, সত্য কথা বললে মুখ আটকায় না।’ এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।