কর্মীকে বহিষ্কার করায় ছাত্রলীগের তাণ্ডব
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে গত সোমবার এইচএসসির নির্বাচনী পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এর জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের প্রশ্ন ও খাতা ছিঁড়ে ফেলেন এবং কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।
কলেজের অধ্যক্ষ হাসান দেওয়ান জানান, সোমবারের নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবারের পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ভাঙচুরের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কলেজ সূত্র ও পরীক্ষার্থীরা জানায়, সোমবার এইচএসসির নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। কলেজের অনিয়মিত শিক্ষার্থী গোবিন্দ বিশ্বাস ১১০ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে গোবিন্দ জানালা দিয়ে তার প্রশ্নপত্র বাইরে ফেলে দেয়। ঘটনাটি দেখে হল পরিদর্শক খান আমিরুল ইসলাম ও মুন্সি ওবায়দুর রহমান বিষয়টি অধ্যক্ষকে জানান।
অধ্যক্ষ এসে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করেন। সত্যতা পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়। খবর পেয়ে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আলামিন সুজনের নেতৃত্বে ১০-১৫ নেতা-কর্মী পরীক্ষার কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের বের করার চেষ্টা করেন এবং প্রশ্ন ও খাতা ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁরা কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল। তাঁরা পরীক্ষার কক্ষে ঢুকেই গালাগাল করতে থাকেন এবং হল থেকে বেরিয়ে যেতে বলেন। বের হতে না চাইলে অনেককে মারধর করে ও ছুরি দিয়ে কোপানোর ভয় দেখান তাঁরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস, আলামিন সুজনসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।
আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।