চার দলের রোডমার্চ কর্মসূচি সফল করতে বিএনপির নেতারা নগর ও জেলায় সমাবেশ করছেন। নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করার অংশ হিসেবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গতকাল বুধবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সমাবেশ করেন। গতকাল নগরের পাহাড়তলী এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সকালে পাহাড়তলীর সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, মহাজোট সরকারের অত্যাচারে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি আয়োজিত মহাসমাবেশ থেকে বেগম খালেদা জিয়া মহাজোট সরকারের অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার দিকনির্দেশনামূলক কর্মসূচি ঘোষণা করবেন। এর আগে পাহাড়তলী কাঁচাবাজার, চালবাজার, বার কোয়ার্টার ও সাগরিকা এলাকার প্রতিটি মার্কেট ও দোকানে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন নোমান। এ সময় তাঁর সঙ্গে সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দীন, পাহাড়তলী বিএনপির আহ্বায়ক শামসুল আলম, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর প্রমুখ ছিলেন। বাড়বকুণ্ড: বিকেলে বাড়কুণ্ডের সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এই সরকার হঠানো ছাড়া বাঁচার কোনো উপায় নেই। খালেদা জিয়া পলোগ্রাউন্ডের সমাবেশ থেকে সরকার হঠানোর কর্মসূচি দেবেন। বাড়বকুণ্ডের সমাবেশে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নূরুল আমিন প্রমুখ বক্তৃতা করেন।