আওয়ামী লীগ বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ১৯ দলের নির্ভরযোগ্য কর্মীদের নির্বাচনী মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে; বাড়ি না ছাড়লে ধরে অন্য মামলার আসামি করে চালান দিচ্ছে। বিএনপির প্রার্থীরা গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিচ্ছেন।
গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে ভোলা জেলা বিএনপি। পাল্টা সংবাদ সম্মেলন করে সদর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বলেছেন, বিএনপি জনপ্রিয়তা হারিয়ে লালমোহন-চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার মতো সদরেও মাঠ ছাড়ার পথ খুঁজছে। এ জন্য গায়ে পড়ে সংঘাতে লিপ্ত হচ্ছে। কথায় কথায় অভিযোগ করা তাদের স্বভাবে পরিণত হয়েছে। পুলিশও বিএনপির অভিযোগ অস্বীকার করেছে।
ভোলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘গত শনিবার বাপ্তা ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগের প্রার্থী কর্মী বৈঠক ডাকলে বিএনপিও একই স্থানে উঠান বৈঠক ডাকে। এ নিয়ে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে তারা পিস্তল দিয়ে ফাঁকা গুলি চালায়। এভাবে বিএনপি গায়ে পড়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ওদের কোনো ভোট নেই, এটা ওরা নিশ্চিত হয়ে সংঘাতে লিপ্ত হচ্ছে। লালমোহন-চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার মতো ভোলা সদরেও ওরা ভোট বর্জনের পথ খুঁজছে। প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর দোষ চাপাচ্ছে।’ গতকাল বেলা ১১টায় ভোলা সদর রোডের জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ১৯ দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৯ দল-সমর্থিত প্রার্থীর কর্মীদের যেখানে পাচ্ছেন, সেখানে মারধর করছেন; পোস্টার ছিঁড়ে ফেলছে। এ পর্যন্ত ইলিশা, রাজাপুর, বাপ্তা, উত্তর দিঘলদী, ভেদুরিয়া ও ভেলুমিয়াতে কমপক্ষে ৩০ জন কর্মীকে পিটিয়ে আহত করেছেন। প্রার্থী ও তাঁর কর্মীরা গণসংযোগ করলে বাধা দিচ্ছে। প্রতি রাতে ১৯ দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। কেউ এলাকা না ছাড়লে তাঁকে আটক করে অন্য মামলার আসামি করে চালান দিচ্ছে। পূর্বনির্ধারিত উঠান বৈঠক ও গণসংযোগে গেলে আওয়ামী লীগ পাল্টা উঠান বৈঠক ও গণসংযোগ করে সংঘাতে লিপ্ত হচ্ছে। প্রশাসন ও আইন প্রয়োগকারীদের কাছে লিখিতভাবে এসবের প্রতিকার চাইলে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান বলেন, ‘ওরা বলছে, আমরা ইচ্ছে করে নির্বাচন বর্জন করেছি, কিন্তু একটা নির্বাচন করতে কত ব্যয়? কর্মীদের নিরাপদ রাখার জন্যই ভোট বর্জন করছি।’ ভোলা পুলিশ সুপার মনিরুজ্জামান ও ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, হরতাল-অবরোধ চলাকালীন যারা নাশকতা সৃষ্টি করেছে, তাদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। বিএনপি কোনো লিখিত অভিযোগ করেনি। এ জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।